সঙ্গীর অভাবে সেঞ্চুরি হলো না সোহানের

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০১:২৯ পিএম

দলকে একা টেনে নেওয়ার পাশাপাশি সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু উইকেটের অপর প্রান্তে কোনো সঙ্গী অবশিষ্ট না থাকায় সে আসা পূর্ণ হলো না খুলনা বিভাগের এই ব্যাটসম্যানের।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিপক্ষে ৩৫ রানে অপরাজিত থেকে শুক্রবারের খেলা শেষ করেছিলেন সোহান। শনিবার সকাল থেকেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। ৮২ বলে পূর্ণ করেন অর্ধশতক।

উইকেটের একপ্রান্ত আগলে রেখে সোহান দাপটের সঙ্গে ব্যাট চালালেও উইকেটের অপর প্রান্তে কেউই টিকে থাকতে পারছিল না। সোহান যখন সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে তখন আউট হয়ে যান ‘টেইল এন্ডার’ আল-আমিন। ৩০৯ রানে থামে খুলনার ইনিংস।

৯৭ রানে অপরাজিত থাকেন সোহান। তার ১২৭ বলের ইনিংসটিতে রয়েছে দশটি চার ও চারটি ছক্কার মার!

প্রথম ইনিংসে ৪৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে রাজশাহী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত