বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘দাবাং থ্রি’। এর মাঝে ঈদের ছবি নিয়েও চলছে তুমুল গুঞ্জন। এই দুটি চমক একসঙ্গে বাধলেন সদ্য প্রকাশিত মোশন পোস্টারে।
নিজের টুইটার পেজে প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’র সচল পোস্টার রিলিজ করার পাশাপাশি ভাইজান ঘোষণা করলেন পরবর্তী ছবির কথাও।
শুক্রবার তিনি জানালেন, পরিচালক প্রভুদেবার বহু প্রতীক্ষিত ‘রাধে’ মুক্তি পাবে ২০২০ সালের ঈদুল ফিতরে। নতুন বছর ভক্তদের জন্য এটিই হবে ভাইজানের উপহার।
টুইটে সালমান লেখেন, “আপনারা জিজ্ঞাসা করেছিলেন ‘দাবাং থ্রি’র পর কী এবং কবে? নিন এই হলো আপনাদের উত্তর!”
এর আগে শোনা গিয়েছিল ঈদ উপলক্ষে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় আলিয়া ভাটের সঙ্গে জুটি বাধবেন সালমান। সিনেমাটির নাম ‘ইনশাল্লাহ’। কিন্তু শুটিং লোকেশনে যাওয়ার মাত্র কয়েক দিন আগে সরে আসেন সালমান। তবে জানান, ঈদে ঠিকই হাজির থাকছেন। সেই ছবি নিয়ে ছিল নানান অনুমান।
সম্প্রতি জানা যায়, দক্ষিণ কোরীয় পুলিশ অ্যাকশন ছবি ‘দ্য আউটল’-এর রিমেকে অভিনয় করতে যাচ্ছেন সালমান। এর নাম রাখা হয়েছে ‘রাধে’। প্রভুদেবার কপ থ্রিলার ‘ওয়ান্টেড’-এও সালমানের নাম ছিল রাধে। তবে রোমান্টিক ছবি ‘তেরে নাম’-এ প্রথমবার এই নাম নিয়েছিলেন নায়ক।
শোনা যাচ্ছে, ‘ভারত’ সিনেমার সহশিল্পী দিশা পাটানিকে এবার একক নায়িকা হিসেবে পাওয়া যাবে সালমানের বিপরীতে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এদিকে ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে ২০ ডিসেম্বর। বরাবরের মতো চুলবুল পাণ্ডে চরিত্রের সালমানের নায়িকা হিসেবে থাকছেন সোনাক্ষী সিনহা।
