বলিউডের ইতিহাসে অন্যতম রোমান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তথা ডিডিএলজে। ১৯৯৫ সালের ব্লকবাস্টারটি এখনো স্মরণ করেন দর্শক।
এ ছবিতে রাজ-সিমরানের চরিত্রে অভিনয় করেন যথাক্রমে শাহরুখ খান ও কাজল। বলা হয়ে থাকে, এমন সুন্দর রোমান্টিক জুটি দ্বিতীয়টি আর হবে না।
বলিউডের অনেক ছবিতেই ‘ডিডিএলজে’কে অনুকরণ করা হয়েছে। রাখা হয়েছে দৃশ্য বা গান। ছবির দুই দশক পূর্তিতে সিমরানের ভূমিকায় আবার দেখা দিলেন কাজল। শেয়ার করলেন মজার একটি ভিডিও।
সম্প্রতি ইনস্টাগ্রামে এই ভিডিও প্রকাশ করেন কাজল। সেখানে ছবির পোস্টারের নকল করে বই পড়ছেন তিনি। চোখে রয়েছে বড় চশমা ও হলুদ রঙের ঢোলা টি-শার্ট।
আদিত্য চোপড়া পরিচালিত ‘ডিডিএলজে’ মুক্তি পায় ১৯৯৫ সালের ১৯ অক্টোবরে। ১৯৯৬ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ মোট ১০টি পুরস্কার জিতে নেয় জনপ্রিয় ছবিটি।
