বাংলাদেশের বিপক্ষে থাকছেন না কোহলি?

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০৮:৪৪ পিএম

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।

৩ নভেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে দুটি টেস্ট। টি-টোয়েন্টি সিরিজে কোহলি থাকছেন না বলে ভারতের একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সামনে ভারতের ব্যস্ত ক্রিকেট সূচি। টানা খেলার ধকল থেকে মুক্তি দিতে কোহলিকে বিশ্রাম দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে টেস্টে কোহলি থাকছেন বলেই আভাস মিলেছে। সব ঠিক থাকলে বাংলাদেশ সিরিজের জন্য ২৪ অক্টোবর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে ভারত।

বছরের শুরুর দিকে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম নিয়েছিলেন কোহলি। কিউইদের বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ খেলেননি তিনি। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজেও মাঠের বাইরে ছিলেন। এরপর অবশ্য টানা খেলে যাচ্ছেন।

কোহলি না খেললে রোহিত শর্মাই নেতৃত্ব দেওয়ার কথা ভারতকে। এদিকে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে ছুটি নেওয়া মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের বিপক্ষে ফিরবেন কিনা সেটিও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দল ঘোষণার আগে নির্বাচকদের সঙ্গে ধোনির ভবিষ্যৎ নিয়ে আলাপ করার কথা রয়েছে বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর।

৩ নভেম্বর দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। পরের দুই টি-টোয়েন্টি ৭ ও ১০ নভেম্বর যথাক্রমে রাজকোট ও নাগপুরে। ১৪ নভেম্বরে ইনদোরে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। ২২ নভেম্বর শেষ টেস্ট। সেটি অনুষ্ঠিত হবে কলকাতায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত