জয় দেখছে খুলনা, ড্র’র পথে ঢাকা-রংপুর ম্যাচ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:৩৪ পিএম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ড্র হয়েছিল প্রথম স্তরের দুটি ম্যাচই। তবে দ্বিতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে জয়ের পথে রয়েছে খুলনা বিভাগ। ঢাকা মেট্রো ও রংপুরের মধ্যকার ম্যাচটিতে অবশ্য ড্র’র আভাস মিলছে। রবিবার ম্যাচের শেষ দিন।

ম্যাচ: রাজশাহী বিভাগ-খুলনা বিভাগ

ভেন্যু: শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা

রাজশাহীর বিভাগের বিপক্ষে মাত্র ১২৩ রানের লক্ষ্য পেয়েছে খুলনা বিভাগ। সেই লক্ষ্যে তৃতীয় দিন শেষ বিকেলে ১ উইকেট হারিয়ে ১৫ রান তুলেছে দলটি। রবিবার শেষ দিনে আর ১০৮ রান দরকার তাদের।

আগের দিনের ৬ উইকেটে ২২৭ রান নিয়ে এদিন তৃতীয় দিনের খেলা শুরু করেছিল খুলনা বিভাগ। ৩০৯ রানে থামে দলটির প্রথম ইনিংস। তাতে ৪৮ রানে লিড পায় দলটি। প্রথম ইনিংসে ২৬১ রান করা রাজশাহীর দ্বিতীয় ইনিংস থামে ১৭০ রানে।

খুলনার পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক। দুজনই ৪ উইকেট করে নিয়েছেন। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। এদিকে খুলনার পক্ষে প্রথম ইনিংসে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন নুরুল হাসান সোহান। ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

ম্যাচ: ঢাকা বিভাগ-রংপুর বিভাগ

ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৫৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা বিভাগ। বিপরীতে নাঈম হাসান এবং লিটন দাসের সেঞ্চুরিতে ভালো জবাব দিচ্ছে রংপুর বিভাগ। যদিও এখনো ২২২ রানে পিছিয়ে রংপুর। ৫ উইকেটে ৩৩৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে দলটি। এখনো দুই দলের প্রথম ইনিংসের খেলা পুরো শেষ হয়নি। অর্থাৎ ড্র’র বার্তাই মিলছে। যদিও ভালো বোলিংয়ে ঢাকার সুযোগ আছে ম্যাচ নিজেদের করার।

আগের দিনের ২ উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল রংপুর। ওপেনার লিটন দাস তুলে নেন সেঞ্চুরি। ১২২ রান করেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১২৪ রানে অপরাজিত তিনি। তানবীর হায়দার অপরাজিত আছেন ৫২ রানে। ঢাকার পক্ষে সুমন খান ও সালাউদ্দিন শাকিল ২টি করে উইকেট নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত