ডু প্লেসির টস ভাগ্য ও প্রক্সি অধিনায়ক

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০২:১৬ এএম

যেকোনো ম্যাচের আগে টস করেন দু’দলের অধিনায়ক। এটাই খেলার নিয়ম। কখনই এক দলের হয়ে টসের জন্য দুজনকে আসতে দেখেছেন কি! গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টসের সময় যারা টিভিতে চোখ রেখেছিলেন তারাই দেখেছেন। নিয়মিত দুই অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির সঙ্গে টসের সময় উপস্থিত ছিলেন প্রোটিয়াদের সহ-অধিনায়ক টেম্বা বাভুমা।

কারণটাও মজার। আগের দুই টেস্টে দু’বারই টসে হারেন ডু প্লেসি। সব মিলিয়ে এশিয়ায় ৯ টেস্টে টস হেরেছিলেন ৩২ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে নামা ডু প্লেসি। তারা মনে করছিলেন আগে ব্যাট করতে পারলে ফলাফলেও বদল আনা যাবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি টস করতে নাও যেতে পারেন। গতকাল সকালে বাভুমাকে নিয়ে গেলেন সঙ্গে করে। কিন্তু লাভের কিছুই হয়নি। কোহলি মুদ্রা নিক্ষেপের পর বাভুমা কল করেন এবং টস হারেন।

ডু প্লেসির এমন সিদ্ধান্তে হাসাহাসি করতে দেখা গেছে টসের সময়ের ধারাভাষ্যকার মুরালি কার্তিক, ভারত অধিনায়ক বিরাট কোহলি, এমনকি প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিকেও। দক্ষিণ আফ্রিকার এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেনে দলটির সবচেয়ে সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ। তার মতে, দক্ষিণ আফ্রিকা উন্নতির জন্য ভুল দিকে নজর দিচ্ছে। ইতিহাসে ৫০-এর বেশি (৫৩) টেস্ট জেতা একমাত্র অধিনায়ক স্মিথ। এমনকি একটি দেশকে ১০০ টেস্টে নেতৃত্ব দেওয়া একমাত্র অধিনায়কের রেকর্ডটিও তার। ১১৭ টেস্টে ৯২৮৫ রান করা এমন সফল অধিনায়কের কাছে টস নিয়ে এ রকম কাণ্ড খারাপ লাগারই কথা।

ডু প্লেসি অবশ্য ভিন্ন কথা বলছেন, ‘এটা করা হয়েছে (অপর ক্রিকেটারকে দিয়ে টস করানো) বোঝানোর জন্য যে টস জেতা কোনো বিষয় নয়। আমরা জানি আসল বিষয় হলো প্রথম ইনিংসে ভালো করা। অবশ্যই এদিকে আমরা নজর দেব। কোনো কারণে সফল হচ্ছি না।’ ইতিহাসে এবারই যে প্রথম প্রক্সি অধিনায়কের ব্যাপারটি হয়েছে এমন নয়। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা নারী টি-টোয়েন্টি ম্যাচে অজি অধিনায়ক মেগ ল্যানিং টস সঙ্গি হিসেবে অ্যালিসা হিলিকে নিয়ে এসেছিলেন। তার কারণও ছিল একই টসে বাজে ভাগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত