নেত্রকোনায় কৃষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৩:২৩ এএম

নেত্রকোনার বারহাট্টায় জমিসংক্রান্ত বিরোধের জেরে উসমান গণি (৫০) নামে এক কৃষকের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাউসি বাজারের দেওপুর এলাকার ঈদগাহ মাঠের সামনে ঘটনাটি ঘটে। এই অভিযোগে সাইকুুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উসমান গণি উপজেলার গোড়ল গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে। উসমান গণির স্ত্রী জুলফা আক্তার দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরেই জমি  নিয়ে একই এলাকার সাইকুল ও তার ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল তার স্বামীর। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঈদগাহ মাঠের সামনে উসমানের ওপর চড়াও হন সাইকুলসহ আরও কয়েকজন। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে তার বাম পায়ের রগ কেটে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বারহাট্টা থানার ওসি বদরুল আলম খান দেশ রূপান্তরকে বলেন, আহত উসমান গণিকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত