ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল ‘ত্রুটির অভিযোগে’ স্থগিত করা হয়েছে। একই সময় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। যেটা অপরিবর্তিত রয়েছে।
রবিবার রাতে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ফলাফল প্রকাশিত হওয়ার পর কিছু অভিযোগ আসে। মোট ৩ সেটে পরীক্ষা হয়েছে। তার মধ্যে একটি সেটের গণিত অংশে সঠিককে ভুল এবং ভুলকে সঠিক চলে আসে অনিচ্ছাকৃতভাবে। আমরা এটা নিয়ে কাজ করছি। সঠিকভাবে ফলাফল প্রস্তুত করে জানানো হবে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫হাজার ৮শ’ ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১হাজার ২শ’ ০৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৩ দশমিক ০৫ ভাগ। চ-ইউনিটের অঙ্কন পরীক্ষায় ১২শ’ ০২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩শ’ ৪৩জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ২৮দশমিক ৫৩ ভাগ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চ-ইউনিটের অঙ্কন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসনসংখ্যা রয়েছে ১হাজার ৭শ’ ৯৫টি এবং চারুকলা অনুষদের অধীন চ-ইউনিটের আসনসংখ্যা ১শ’ ৩৫টি।
