খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০২:৪৬ এএম

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে সরকারবিরোধী প্রধান এ জোটের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আইনি চেম্বারে এক সভায় এ সিদ্ধান্ত হয়। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির ওই সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান জোটের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে আছেন। যেকোনো সময় খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওনার একটা হাত অবশ হয়ে গেছে। উনি স্বাভাবিকভাবে দেখতে পারেন না। হাঁটতেও পারেন না। তাই তাকে নিয়ে দেশের জনগণ আজ উৎকণ্ঠিত। খালেদা জিয়াকে দেখতে যাওয়ার বিষয়ে অনুমতি নিতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হবে। অনুমতি পেলে দুয়েক দিনের মধ্যে ড. কামাল  হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়াকে দেখতে যাবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ১ এপ্রিল থেকে তিনি আছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

সভা শেষে ড. কামাল হোসেন বলেন, ‘২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের সমাবেশ হওয়ার কথা রয়েছে। কিন্তু সমাবেশের অনুমতি এখনো পাওয়া যায়নি। ২১ তারিখে অনুমতি দিলে পরদিন সমাবেশ করা তো কঠিন কাজ। আমরা তো ঐকমত্যের কথা বলছি, সংঘাতের কথা বলছি না। সুতরাং কেন অনুমতি পাওয়া যাবে না? সমাবেশের অনুমতি না দেওয়ার মানে তো গণতন্ত্র ধ্বংস করা।’

একাদশ সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেরিতে হলেও মেনন সত্য কথা বলেছেন। আমি তো বারবার বলে যাচ্ছি যে, কেউ ভোট দিয়েছেন কি না। আমি এ পর্যন্ত একজনও পাইনি যে ভোট দিয়েছেন। তাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওভারকাম করলেন।

আ স ম রব বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে সরকার গাফিলতি করছে। যদি অনুমতি না দেওয়া হয়, তাহলে জনগণ বাধ্য হয়ে তাদের নাগরিক অধিকার আদায় করবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বুয়েটের ছাত্র আবরারসহ আরও যেসব হত্যাকা- ঘটেছে, তার বিচারের দাবিতে ঐক্যফ্রন্ট রক্তাক্ষরে গণস্বাক্ষর সংগ্রহ করবে। আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই, আরও রাঘব বোয়াল আছে, ওদের নাম প্রকাশ করেন। চুনোপুঁটি ধরছেন, ওয়ার্ড কমিশনার ধরছেন, বড় বড় রাঘব বোয়াল কোথায়? যুবলীগের ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, আমি একা কেন, বাকিরা কোথায়?

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া, বিএনপির ইকবাল হাসান মাহমুদ, জহিরউদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, জেএসডির তানিয়া রব ও আবদুল মালেক রতন প্রমুখ।

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্ট নেতারা : জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু দেশ রূপান্তরকে জানিয়েছেন, আজ সোমবার বেলা ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যাওয়ার অনুমতি চাইবেন তারা। ফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সচিবালয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত