বাগেরহাট শহরে নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পরে বাসাবাটির শাহজাহান মোল্লার স্ত্রী রাবেয়া মল্লিক (৬৫) খুনে তাদের ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৫) আটক করে পুলিশ। পুলিশের দাবি, রাসেল মাদকাসক্ত। নতুন মোবাইল ফোন চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে নেশাগ্রস্ত অবস্থায় এ ঘটনা ঘটায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে নাজমা আক্তার যুথি জানান, দোতলা বাড়ির নিচতলায় মা ও ওপরে ছোট ভাই রাসেল থাকত। গতকাল সকালে আমার বাসায় আসার কথা ছিল রাসেলের। ৭টার দিকে মাকে ফোন করে ওকে দেরি করে আসতে বলি। এরই মধ্যে মাকে ও ছুরি দিয়ে হত্যা করে। স্কুলে পড়াকালীন বন্ধুদের সঙ্গে রাসেল নেশায় আসক্ত হয়। ১৫ বছর তার নেশার টাকা জোগাতে গিয়ে আমাদের পরিবার অতিষ্ঠ ছিল।
তিনি আরও জানান, বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে রাসেলের চিকিৎসা করানো হয়েছে। কিছুদিন স্বাভাবিক থাকে, পরে আবারও নেশায় আসক্ত হয়ে পড়ে। টাকা না পেয়ে মাকে আগেও সে মেরেছে। গত আট মাস রাসেলের ভয়ে মা সবসময় ঘরের দরজা আটকে বসবাস করত বলেও জানান নাজমা।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল জানান, রাসেল আজ (গতকাল) সকালে মায়ের কাছে নতুন মোবাইল ফোন চায়। কিনে দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রাবেয়া মল্লিকের মৃত্যু হয়। নিহতের মুখমণ্ডল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
