ছাগলে গাছ খাওয়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৪:৪০ পিএম

শেরপুর সদরের ভাতশালা এলাকায় ছাগলে গাছ খাওয়ার জের ধরে প্রতিবেশীর দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ভাতশালা এলাকার সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৭) একই এলাকার বয়জুদ্দিনের ছেলে। 

নিহতের জ্যাঠাতো ভাই শেখ ফরিদ বলেন , সোমবার বিকেলে তার ফুপাতো ভাই আজিজুলের একটি ছাগল প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুল ও জাহিদুলের পরিবারের লোকদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এলাকার লোকজন বিষয়টি নিয়ে কথা বলার পর রাতে এ ব্যাপারে সুরাহা করে আমরা বাড়িতে চলে যাই। পরে আজ সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলের লোকজন তাকে আবার আক্রমণ করে। এ সময় সোহেল রানা ও আমি আজিজুলকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দুজনই আহত হই। স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মনিরুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় দুজন আহত হয়ে হাসপাতালে আসলে সোহেল রানাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তাদের অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত