টেকসই উন্নয়ন নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সব ধরনের সম্ভাবনাই কাজে লাগাতে চান। আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। তবে হুট করে সবকিছু সম্ভব নয়। ভেবেচিন্তে এগিয়ে যেতে হবে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর লেকশোর হোটেলে ‘বাংলাদেশের জন্য শতভাগ নবায়নযোগ্য জ্বালানি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) সংস্থার উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘তাত্ত্বিক গবেষণা ও বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে। আমাকে জায়গা দিলে আগামীকাল থেকেই কাজ শুরু করতে পারি। গবেষণা বাস্তবতার নিরিখে হলে ভালো। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গেলেও বৈশ্বিক উষ্ণায়নে খুব বেশি তারতম্য হবে না।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মহসীন চৌধুরী, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন অনুষ্ঠানে অংশ নেন। এ সময় আরও বক্তব্য দেন স্রেডা চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন, পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রফেসর ড. ইজাজ আহমেদ, পাওয়ার অ্যান্ড এনার্জি পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসাইন প্রমুখ।
