ঢাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি শিগগিরই

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০২:০৮ এএম

বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি ভেঙে শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, ছাত্রত্ব আছে এমন নেতারাই ঢাবি শাখার নেতৃত্বে আসবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেন বিএনপির তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আল মেহেদি তালুকদারকে সভাপতি ও বাশার সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ঢাবি শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন। তার প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ করা হয় এই কমিটি।

এদিকে পঁাঁচ বছর পর গত ১৮ সেপ্টেম্বর সারা দেশের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এতে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও তা হয়নি এক মাসেও। নতুন দুই নেতা দিতে পারেননি ঢাবি শাখার আহ্বায়ক কমিটিও।

শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি এখনই পূর্ণাঙ্গ হচ্ছে না। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দেওয়া হবে। তবে যোগ্য নেতৃত্ব না পাওয়ায় দেওয়া হবে আহ্বায়ক কমিটি। পরে কাউন্সিলের মাধ্যমেই পূর্ণাঙ্গ কমিটি হবে। জানা গেছে, আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেও বারবার ছাত্রলীগের হামলার কারণে সে কার্যক্রমও ধীরগতিতে চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাবি ছাত্রদলের এক সহ-সভাপতি দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় অনেকেই ক্ষুব্ধ। দলের জন্য দীর্ঘ সময় দিলেও পদ পাওয়া যাচ্ছে না। নিয়মিত কাউন্সিল হলে এ সংকট কাটানো সম্ভব। আগামী ডাকসু নির্বাচনকে সামনে রেখেই নতুন কমিটি করা উচিত বলেও মত দেন তিনি।

এ বিষয়ে কথা বলতে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুজনকেই ফোন করে সাড়া পাওয়া যায়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্যামল দেশ রূপান্তরকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের কাজ শুরু করেছি। তবে ছাত্রলীগের বারবার হামলার কারণে কমিটি গঠনের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি করব। তারপর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নতুন কমিটির নেতৃত্ব নিয়ে কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, পুরনো হলেও তারা যথেষ্ট ভালো কাজ করছে। আগামী কমিটি গঠনের ক্ষেত্রে সৎ, যোগ্য ও তরুণদেরই প্রাধান্য দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত