বোরহানউদ্দিনে মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্যের জেরে পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোকের সংঘর্ষে চারজন নিহতের প্রতিবাদে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে স্থগিত করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ভোলা শহরের হাটখোলা মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। কর্মসূচি অনুযায়ী বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে হাটখোলা মসজিদের দিকে ‘তৌহিদী জনতা’র ব্যানারে লোকজন আসা শুরু করলেও পুলিশের বাধার মুখে তারা ফিরে যায়। এর আগে সকালে দেশব্যাপী ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোলায় হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ নেতা মাওলানা তরিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বোরহানউদ্দিনের ঘটনার প্রতিবাদে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটামের পাশাপশি চার দিনের কর্মসূচি ঘোষণা করি। আজ (মঙ্গলবার) বিকেলে হাটখোলা মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়। কিন্তু পুলিশের বাধার মুখে আমরা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হই।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার মানববন্ধন এবং শুক্রবার নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাতের কর্মসূচি রয়েছে। আমাদের ৬ দফা দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।’
এ ব্যাপারে জানতে চাইলে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দেশ রূপান্তরকে বলেন, ‘যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা যেকোনো মূল্যে সহিংস ঘটনা রোধ করব।’
অন্যদিকে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য শহরে র্যাব, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে।’
পুলিশ সুপারের ফেইসবুক আইডি হ্যাকড : ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেইসবুক আইডি হ্যাকড হয়েছে। বোরহানউদ্দিনে সহিংসতার দুদিন পর এসপির আইডি হ্যাকড হওয়ার এই ঘটনা ঘটল। এ ঘটনায় এসপি সরকার মোহাম্মদ কায়সার ভোলা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বোরহানউদ্দিনে সহিংসতার মূল কারণ হিসেবে পুলিশ বলছে, এক সংখ্যালঘু তরুণের হ্যাকড ফেইসবুক আইডি থেকে সহিংসতার সূত্রপাত হয়। এ পরিস্থিতিতে এসপির আইডি হ্যাকড হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিপ্লব চন্দ্র শুভ নামে এক ব্যক্তির হ্যাকড হওয়া আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর বার্তা ম্যাসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত রবিবার বোরহানউদ্দিন রণক্ষেত্রে পরিণত হয়। ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোক সেদিন পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। এতে চারজন নিহত হন।
ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন দেশ রূপান্তরকে জানান, গত সোমবার রাতের কোনো এক সময় পুলিশ সুপারের ব্যক্তিগত ফেইসবুক আইডি হ্যাকড করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর-৯৯৩।
ওসি গতকাল বিকেলে বলেন, ‘কে বা কারা তার (এসপি) আইডি হ্যাকড করেছে তা এখনো জানা যায়নি। তবে আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলা ইস্যু নিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে ককটেলসহ ১৮ শিবির নেতাকর্মী আটক : চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত মেসে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে ককটেল ও জিহাদী বইসহ ১৮ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত বাকলিয়ার শান্তিনগর আবাসিক এলাকার মেসগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ ধরনের মেসে অবস্থান করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা চট্টগ্রামে নাশকতা করত বলে অভিযোগ আছে। সে সময়ও পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় ‘শিবিরের মেস’ হিসেবে পরিচিত আস্তানাগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে অস্ত্র-বিস্ফোরক জব্দ করত।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ভোলার ঘটনা নিয়ে চট্টগ্রামে ছাত্রশিবির বড় ধরনের নাশকতা, ভাঙচুর করে নগরীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা রয়েছে এমন তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাতে গেলে শান্তিনগর এলাকার জিএস ভবনের নিচে জড়ো হওয়া কর্মীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে কয়েকজনকে আটকের পর ওই ভবনের মেস থেকে ২২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে যাচাই-বাছাই করে ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিএস ভবনের চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে চারটি ককটেল এবং বিপুল পরিমাণ জিহাদী বই।’
সিএমপি কমিশনারকে জড়িয়ে ফেইসবুকে স্ট্যাটাস, যুবক গ্রেপ্তার : ভোলার বোরহানউদ্দিনের ঘটনা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমানকে জড়িয়ে ফেইসবুকে ‘উসকানিমূলক পোস্ট’ দেওয়ায় রবিউল আলম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে নগরের লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার রবিউল বাঁশখালী উপজেলার পূর্ব তিশোরি গ্রামের আহমদ হোসেনের ছেলে। তিনি সীতাকুণ্ডের জোড় আমতল এলাকায় ফোর স্টার শিপিং শিপইয়ার্ডে চাকরি করেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে বলেন, ‘সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের ছবি ফেইসবুকে দিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দেয় রবিউল। ভোলার ঘটনা নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য রবিউল ও তার সহযোগীরা কাজ করেছেন। রবিউলের ফেইসবুক টাইমলাইন থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।’
ভোলা ইস্যুতে ফেইসবুকে অপপ্রচার, কুমিল্লায় আটক ২ : ভোলার ঘটনা নিয়ে ফেইসবুকে অপপ্রচার এবং ধর্মীয় ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার করায় কুমিল্লায় দুজনকে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। এরা হলেন দেবিদ্বার উপজেলা সদরের মো. গোলাম নবীর ছেলে আবদুল্লাহ আল মুজাহিদ এবং একই উপজেলার ফতেহাবাদ গ্রামের মজিদ সরকারের ছেলে শফিকুল ইসলাম ওরফে মধু শফিক।
সকালে কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে আটকের বিষয়টি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আবদুল্লাহ আল মুজাহিদ ও শফিক আহমেদ’ নামের দুটি ফেইসবুক আইডি থেকে ভোলার ঘটনা নিয়ে ফেইসবুকে অপপ্রচার এবং ধর্মীয় ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে জড়িতদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে মুজাহিদ ও শফিকুলকে আটক করে।
