শক্তিশালী নেতৃত্ব, সুশাসন, সুষ্ঠু সামষ্টিক অর্থনীতি ও স্থিতিশীল সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করে তুলেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেছেন, ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়নের দেশে পরিণত হয়েছে।
মরক্কোর প্রাচীন রাজধানী মারাকাসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক বিচার সম্মেলনে এসব কথা বলেন তিনি। ‘জাস্টিস অ্যান্ড ইনভেস্টমেন্ট : চ্যালেঞ্জ অ্যান্ড স্টেকস’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১ ও ২২ অক্টোবর দু’দিনব্যাপী এ সম্মেলন হয়।
মন্ত্রণালয়ের গণসংযোগ শাখা থেকে গতকাল মঙ্গলবার আরও জানানো হয় আনিসুল হক বলেন, ‘২০০৯ সাল থেকে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন শুরু করে এবং তথাকথিত ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বাংলাদেশ এখন বিস্ময়কর উন্নয়নের দেশে পরিণত হয়েছে। ফলে বিশ^ সম্প্রদায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে।’
তিনি বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংক আউটলুক-২০১৯ বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেছে। এইচএসবিসি ২০১৮ সালের প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করেছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে ২৬তম বৃহত্তম অর্থনীতির দেশ এবং বিশে^র তিনটি দ্রুততম অর্থনীতির দেশের একটি হয়ে উঠবে বাংলাদেশ।’
আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ। এসব লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই এবং সরকার বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ বছরের জানুয়ারিতে পরপর তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।’
তিনি জানান, বিদেশি বিনিয়োগ সহজতর করার লক্ষ্যে বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে গ্যাস অনুসন্ধান, গ্যাস উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য খনন ও অনুসন্ধান কার্যক্রমগুলোতে বেসরকারি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশি বেসরকারি বিনিয়োগ আইন-১৯৮০ বিদেশি বিনিয়োগকারীর আইনি সুরক্ষা নিশ্চিত করে বলে মন্তব্য করেন তিনি।
