অভিযান নিয়ে সংবাদ

সুনির্দিষ্ট সূত্র ছাড়া র‌্যাবকে উদ্ধৃত না করার অনুরোধ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০২:৫৪ এএম

চলমান অভিযান নিয়ে সুনির্দিষ্ট সূত্র ছাড়া র‌্যাবকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেছে র‌্যাব সদর দপ্তর। গতকাল র‌্যাবের মহাপরিচালকের পক্ষে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মো. সারওয়ার বিন কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় চলমান অভিযান সংক্রান্ত র‌্যাবকে উদ্ধৃত করে বিবিধ তথ্য কোনো কোনো গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে র‌্যাব সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের বক্তব্য এই যে, এ ধরনের কোনো তথ্য/সংবাদ র‌্যাব কর্তৃক কোনো মিডিয়াতে কখনই প্রদান করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে র‌্যাবকে উদ্ধৃত করে অনুরূপ সংবাদ পরিবেশন কাম্য নয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্তকালীন জিজ্ঞাসাবাদে প্রাপ্ত বিষয় আইনগতভাবে অত্যন্ত গোপনীয়, র‌্যাব আইনগত কারণেই সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে মামলা তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে থাকে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। অনুমান কিংবা গুজব নির্ভর অথবা অসমর্থিত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত সংবাদ সাধারণভাবে র‌্যাবকে উদ্ধৃত করে প্রচার করা হলে জনমনে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাছাড়া মামলার তদন্ত ও ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সুনির্দিষ্ট সূত্র উল্লেখ ব্যতিরেকে র‌্যাবকে উদ্ধৃত করে কোনো সংবাদ প্রচার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত