দক্ষিণ আফ্রিকাকে ঘুরিয়ে দেওয়া ভারত এবার মুখোমুখি হবে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি। অতিথি লাল-সবুজ দল বিরাট কোহলিদের কঠিন পরীক্ষা নেবে বলে বিশ্বাস টিম ইন্ডিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ।
আগামী মাসের শুরুতেই বাংলাদেশ দলের ভারত সফর। ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কোহলিবাহিনীর মুখোমুখি হবে তারা। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে নাগপুরে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে ইন্দোরে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই নিয়ে স্টার স্পোর্টসকে মতামত দিতে গিয়ে লক্ষণ বলেন, “আমার মতে ভারত বনাম বাংলাদেশ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমান দক্ষিণ আফ্রিকা দলটির চেয়ে বাংলাদেশ দল বেশি অভিজ্ঞ এবং তাদের খেলোয়াড়েরাও ফর্মে আছেন। তাদের হালকা করে দেখার সুযোগ নেই। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ সব সময় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে।”
