সুপারহিরো সিনেমা প্রসঙ্গে মার্টিন স্করসেজির মন্তব্য নিয়ে বিতর্ক অনেকটা থিতু হয়ে এসেছিল। ঠিক সেই সময় নতুন করে আগুনে ঘি ঢাললেন আরেক খ্যাতিমান নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কোপলা। তার মতে, স্করসেজির মন্তব্য খুবই ভদ্র ছিল। বরং মার্ভেল কমিকসের সিনেমাগুলো ‘জঘন্য’।
দ্য এভিয়েটর, ট্যাক্সি ড্রাইভার, রেজিং বুল, দ্য ডিপার্টেড, গুডফেলাস ও শাটার আইল্যান্ডখ্যাত স্করসেজি চলতি মাসের শুরুর দিকে মার্ভেল ইউনিভার্সের সিনেমাগুলো ‘থিম পার্কের’ সঙ্গে তুলনা করেন। তার মতে, সিনেমাগুলো সুনির্মিত, অভিনেতারা ভালো করছেন। মানুষকে নিয়ে বানানো চলচ্চিত্র অন্য মানুষের সঙ্গে আবেগ, অনুভ‚তি ভাগাভাগির চেষ্টা করে। কিন্তু এই চলচ্চিত্রগুলো তেমন নয়। স্করসেজির মন্তব্যটি রাতারাতি টক অব দ্য টাউনে পরিণত হয়। প্রতিক্রিয়া জানান রবার্ট ডাউনি জুনিয়র, জেমস গান, জস হিদেন ও স্যামুয়েল এল জ্যাকসনসহ অনেকে। তারা সবাই চলচ্চিত্র ইতিহাসে স্করসিজের অবদানকে সম্মান জানান। পাশাপাশি তার মন্তব্যকে অগ্রহণযোগ্যও বলেন।
চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের লিওন শহরের একটি উৎসবে চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পান গডফাদার ট্রিলজি ও অ্যাপোক্যালিপস নাউ খ্যাত ফ্রান্সিস ফোর্ড কোপলা। সেখানে মার্ভেল কমিকসের সুপারহিরোভিত্তিক সিনেমা নিয়ে মুখ খোলেন তিনি। কোপলা বলেন, ‘যখন মার্টিন স্করসেজি বলেন মার্ভেল পিকচার্স সিনেমা নয়, তিনি ঠিক বলেছেন। কারণ, আমার সিনেমা থেকে আমরা কিছু শিখতে চাই। আমরা কিছু অর্জন করতে চাই। আশা করি বোধোদয়, জ্ঞান ও অনুপ্রেরণা।’ ৮০ বছর বয়সী এই নির্মাতা মার্ভেল সিনেমা সম্পর্কে জানান, ‘এইসব চলচ্চিত্র বারবার দেখে কেউ কিছু পেয়েছে কি-না জানেন না। স্করসেজি বিনয় করে বলেছেন, এগুলো সিনেমা নয়। তিনি বলেননি এগুলো জঘন্য। এটাই সঠিক শব্দ।’
স্করসেজি আরও বলেছিলেন, মার্ভেলের সিনেমা তিনি দেখেননি। দেখার চেষ্টা করেও দেখতে পারেননি। সিনেমা না দেখে মন্তব্য করা নিয়ে খেপে যান ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ পরিচালক জেমস গান। জানান, স্করসেজি তার প্রিয় পাঁচ জীবিত নির্মাতার একজন। স্করসেজির ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’ না দেখে অনেকে নিন্দা করেছিলেন। তখন গান এর প্রতিবাদ করেন। এখন একইভাবে তার সিনেমা না দেখেই মন্তব্য করছেন স্করসেজি।
এদিকে অদ্ভুত মন্তব্য করেন অভিনেতা ও কমিক বুক লেখক কেভিন স্মিথ। তার মতে, বিশ্বের সবচেয়ে বড় সুপারহিরো নিয়ে স্করসেজি নিজেই সিনেমা বানিয়েছেন। আর সেটি হলো ‘দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট’, যার মূল চরিত্রে ছিলেন যিশু। তবে স্করসেজির মন্তব্যের জেরে মার্ভেলের পক্ষ থেকে বলা হয়, এগুলো সিনেমা কি-না বা অনুভ‚তি বিনিময় করতে পারে কি-না ঠিক করবে দর্শক। এইসব সিনেমা নিয়ে অন্যতম অভিযোগ হলো পুরস্কারের আসরে বিশেষ কোনো মর্যাদা পায় না। অবশ্য হালে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। যেমন সর্বশেষ অস্কারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পায় মার্ভেল কমিকসের আলোচিত সিনেমা ‘বø্যাক প্যান্থার’। জিতে নেয় তিনটি পুরস্কার। তবে বড় চমক অপেক্ষা করছে সামনের অস্কারে। ইতিমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালে সেরা সিনেমা হিসেবে গোল্ডেন লায়নসহ তিনটি পুরস্কার জিতে হইচই ফেলেছে ডিসি কমিকসের সুপারভিলেনকে নিয়ে নির্মিত ‘জোকার’। সিনেমাটি অস্কারে শোরগোল তুলবে বলে ধারণা করা হচ্ছে। মজার বিষয়, পরিচালক টড ফিলিপস ‘জোকার’-এর অনুপ্রেরণা হিসেবে ধারণ করেছেন মার্টিন স্করসেজির ক্ল্যাসিক সিনেমা ‘ট্র্যাক্সি ড্রাইভার’কে। আরও মজার বিষয় হলো, ‘জোকার’ প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল স্করসেজির। কিন্তু সর্বশেষ সিনেমা ‘দ্য আইরিশম্যান’-এর ব্যস্ততার জন্য সরে দাঁড়ান। দুই পরিচালকের মধ্যে ‘জোকার’-এর চিত্রনাট্য নিয়েও দীর্ঘ সময় কথা হয়। সেই কথা জানিয়েছেন টড ফিলিপস। স্করসেজির সমালোচনায় অনেকেই এটাও বলছেন, প্রযুক্তিকে ছোট করে দেখা ভুল। কারণ তিনি ‘দ্য আইরিশম্যান’-এ অভিনেতাদের কম বয়সী দেখাতে প্রযুক্তির আশ্রয় নিয়েছেন।
অবশ্য সুপারহিরো সিনেমা নিয়ে বড় বড় স্টুডিওর মাতামাতিতে বিরক্ত বার্ডম্যান ও দ্য রেভেন্যান্টখ্যাত নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু। কারণ, ভালো সিনেমার বদলে নিশ্চিত লাভ পেতে স্টুডিওগুলো টাকা ঢালছে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে। অতঃপর নির্মাতারা ঝুঁকছেন নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং সার্ভিসের দিকে। ফলে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে যাচ্ছে। হারাচ্ছে বৈচিত্র্য। এ কারণে বিকল্প সিনেমার অনেক স্টুডিও বন্ধ হয়ে গেছে। যাকে অধঃপতন হিসেবেই দেখেন ইনারিতু। তার মতে, এর কারণে ভবিষ্যতে ভুগবে সিনেমা থিয়েটারগুলো। বলেন, ‘সিনেমা হলগুলো ফ্র্যাঞ্চাইজি-এন্টারটেইনমেন্ট পার্ক হয়ে উঠেছে।’
তবে হলিউডের সর্বকালের শীর্ষ আয়ের তালিকায় কমিকস বুক সিনেমার আধিপত্য চোখে পড়ার মতো। দশটির মধ্যে চারটিই মার্ভেল কমিকসের। এর মধ্যে এক নম্বর আসনে
থাকা ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর আয় ২৭৯ কোটি ডলারের কাছাকাছি। এছাড়া বাকি সিনেমাগুলোও স্পেশাল ইফেক্টস ও গ্রাফিকসনির্ভর।
