ফিটনেসবিহীন গাড়িতে তেল গ্যাস দিতে হাইকোর্টের মানা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১২:৪৯ এএম

সারা দেশে যেসব গাড়ির ফিটনেস সনদ নেই সেসব গাড়িতে পেট্রল-গ্যাস-তেলসহ সব ধরনের জ¦ালানি সরবরাহ বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফিটনেসবিহীন গাড়ির ফিটনেস সনদ নবায়ন করতে দুই মাসের সময় দিয়ে এ সময়ের মধ্যে ফিলিং স্টেশনগুলো যাতে ফিটনেসবিহীন কোনো গাড়িতে জ্বালানি সরবরাহ না করে, সে বিষয়ে করণীয় নিশ্চিত করতে বলেছে আদালত। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তদারকি করবে পুলিশ বিভাগ, বিআরটিএ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

সারা দেশে ফিটনেসবিহীন গাড়িসংক্রান্ত প্রতিবেদনের ওপর গতকাল বুধবার শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

গাড়ির লাইসেন্স নিয়ে ফিটনেস সনদ নবায়ন করেনি এমন ৪ লাখ ৭৯ হাজার ৩২০ গাড়ির ফিটনেস সনদ নবায়ন করতে দুই মাসের সময় দিয়ে গত ২৩ জুলাই বিআরটিএকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গতকাল বিআরটিএ’র দাখিল করা প্রতিবেদনে দেখা যায়, গত ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮৯ হাজার ২৬৯টি গাড়ির ফিটনেস সনদ নবায়ন হয়েছে। বাকি গাড়িগুলোর সনদ নবায়ন করতে দুই মাস সময়ের আর্জি জানায় বিআরটিএ। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।

এ সময় বিআরটিএ’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী ও রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

বিআরটিএ’র আইনজীবী মঈন ফিরোজী দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিবেদন দাখিলের পর বাকি গাড়িগুলোর ফিটনেস সনদ নবায়ন করতে আমরা সময়ের আবেদন করলে আদালত দুই মাসের সময় দেয়। তবে এ সময়ের মধ্যে ফিটনেসবিহীন গাড়িগুলো যাতে সড়কে চলতে না পারে, সে বিষয়ে করণীয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করি। এর মধ্যে জ¦ালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও আলোচনায় ছিল। এছাড়া ঢাকা মহানগরে চালকের হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ¦ালানি সরবরাহ বন্ধ করার বিষয়টিও আলোচনায় আসে। শুনানি নিয়ে আদালত এই আদেশ দিয়েছে। হাইকোর্টের এই আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর আদেশ কার্যকরের ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা।’

গত ২৩ জুলাই বিআরটিএ’র প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে ঢাকাসহ সারা দেশে ফিটনেস সনদ নবায়ন করা হয়নি এমন গাড়ি রয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি। এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রামে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, রংপুরে ৬ হাজার ৫৬৮, সিলেটে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ির ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

ওইদিন শুনানি নিয়ে হাইকোর্ট এসব গাড়ির ফিটনেস সনদ নবায়ন করতে নির্দেশ দেয়। এর আগে গত ২৩ মার্চ ফিটনেসবিহীন গাড়ি নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) রুলসহ এ আদেশ দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত