বোরহানউদ্দিনে সহিংসতা

সময় বৃদ্ধির আবেদন তদন্ত কমিটির, মন্দিরে হামলায় মামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৩:৩৩ এএম

ভোলার বোরহানউদ্দিনে এক তরুণের ‘হ্যাকড হওয়া’ ফেইসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্যের জেরে পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল লোকের সংঘর্ষে চারজনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন কর্র্তৃক গঠিত তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে তাদের কাজ শেষ করতে পারেনি। গতকাল বুধবার ছিল এই তদন্ত কমিটির শেষ কার্যদিবস এবং আজ বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এ পরিস্থিতিতে মেয়াদ বৃদ্ধির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মামুদুর রহমান।

তিনি গতকাল বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আমাদের কমিটি কাজ করে যাচ্ছে। বোরহানউদ্দিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও এত বড় ঘটনার তদন্ত এত অল্প সময়ে শেষ করা সম্ভব নয়। এজন্য আরও সময় বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি।’

২৪ ঘণ্টা পর বাড়ি ফিরেছে বিপ্লবের দুই স্বজন : ফেইসবুক  মেসেঞ্জারে বিতর্কিত মন্তব্যের ঘটনায় অভিযুক্ত বিপ্লব চন্দ্র শুভর ভগ্নিপতি বিধান মজুমদার ও চাচাতো ভাই সাগর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার রাতে বাড়ি ফিরেছে। তাদেরকে গোয়েন্দা বিভাগের লোকজন পরিচয়ে গত সোমবার রাতে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার রাতে লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সদস্য আশ্রাফুল আলম টুলুর হাতে তুলে দেয় র‌্যাব। ইউপি সদস্য আশ্রাফুল আলম টুলু দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাতে বিধান ও সাগরকে র‌্যাব নিয়ে যায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। শুভর ভগ্নিপতি বিধান মজুমদারের বাড়ি লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে।

স্থানীয়রা জানায়, বিধান ও সাগরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি পরিবারের কেউ জানত না। তাদেরকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়ে। তাদের কারা তুলে নিয়েছে সে বিষয়টিও গোপন থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তাদের নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকারও করেনি। ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানিয়েছিলেন, পুলিশের কেউ তাদের নেয়নি। শেষ পর্যন্ত বিধানের বাবা বিনয়ভ‚ষণ মজুমদার চরফ্যাশনের দুলারহাট থানায় ২২ অক্টোবর একটি জিডি করেন।

মঙ্গলবার রাতে তারা বাড়ি ফিরে আসার পর বুধবার সকালে বিধান মজুমদারের বাড়ি লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের নমগ্রামে গিয়ে কথা হয় বিধান ও সাগরের সঙ্গে। বিধান পার্শ¦বর্তী চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়নের রোদেরহাট বাজারে জুয়েলারি দোকান করে। ওই দোকানে থাকে সাগরও।

বিধান জানান, তিনি সোমবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করার মুহূর্তে দেখেন দোকানের সামনে অপরিচিত কয়েকজন দাঁড়িয়ে আছে। একপর্যায়ে বিধানকে ডেকে তারা জিজ্ঞেস করে, বিপ্লব তার কী হয়। এ কথা বলেই তাকে ও সাগরকে কালো মাইক্রোবাসে ওঠায়। মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে ফেলা হয় বলে তারা জানান। কেড়ে নেওয়া হয় হাতের মোবাইল ফোন। সেখান থেকে ভোলা র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। তাদের সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয়, বিপ্লব সম্পর্কে কে হয়? বিপ্লবের আইডি হ্যাকড করেছে কে?

২৪ ঘণ্টার মধ্যে খাওয়ার সময় ছাড়া তাদের চোখ খোলা হয়নি বলে জানান বিধান। কারও সঙ্গে মোবাইল ফোনে কথাও বলতে দেওয়া হয়নি। মঙ্গলবার রাত ১০টায় চোখ খুলে তাদের বাড়ি যাওয়ার জন্য কাউকে এসে নিয়ে যেতে বলেন। পরে ইউপি সদস্য আশ্রাফুল আলম টুলু, বিধানের বাবা বিনয় ভ‚ষণ মজুমদার, চাচা দয়াল মজুমদার ও ভগ্নিপতি রাতে ভোলা গিয়ে র‌্যাবের কাছ থেকে দুজনকে নিয়ে আসেন।

মন্দিরে ভাঙচুরের ঘটনায় মামলা : ফেইসবুক পোস্ট নিয়ে বোরহানউদ্দিনের ভাওয়াল বাড়ি মন্দিরে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত ৪-৫শ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বোরহানউদ্দিন থানায় মন্দির কমিটির সভাপতি সত্যপ্রসাদ দাস বাদী হয়ে এ মামলা করেন। বোরহানউদ্দিন থানার ওসি এনামুলক হক দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

ফেইসবুক মেসেঞ্জারে বিপ্লব চন্দ্র শুভ নামে এক তরুণের একটি পোস্ট নিয়ে গত রবিবার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চারজন। ওই ঘটনা যখন চলছিল, তখনই হামলা হয় এই ভাওয়াল বাড়ি মন্দিরে।

ভাওয়াল বাড়ি স্থানীয়দের কাছে দিনে দিনে বাউল বাড়ি নামে পরিচিতি পেয়েছে। অচ্যুতানন্দ ব্রহ্মচারীর অনুসারীরা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মুক্তিযুদ্ধের পরপর। হিন্দুদের কাছে অচ্যুতানন্দের ডাক নাম অনুসারে ‘অনিল বাবাজী’র মন্দির নামেই পরিচিত এটি।

এদিকে ভোলা এবং বোরহানউদ্দিনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত