ফোক ফেস্ট শুরু ১৪ নভেম্বর

ছয় দেশের দুই শতাধিক শিল্পী মাতাবেন মঞ্চ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৪:১৭ এএম

বছর ঘুরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ এর পঞ্চম আসর। এবারের আসরে বাংলাদেশসহ ৬টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নিচ্ছেন। আগামী ১৪-১৬ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে সংগীত পরিবেশনা।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’ উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় জানানো হয়, প্রতিবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য দর্শকদের   ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের স্ক্যান কপি প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করা যাবে ১৬৩৭৪ নম্বরে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি স¤প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন।

এবারের আসরের শিল্পী তালিকায় বাংলাদেশ থেকে রয়েছেন শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম। এছাড়া সামিনা হোসেন প্রেমা ও তার নৃত্যদল ভাবনা’র নৃত্য পরিবেশনা থাকবে। পাশাপাশি ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা উৎসবে অংশ নেবে।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘আমাদের লোকসংগীতকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট শুরু করেছিলাম। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের সংস্কৃতি নিয়ে যে গর্ব করার বিষয় আছে সেটা সারা পৃথিবী   দেখতে পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ এবং লোকসংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত