বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার রুমমেট মিজানুর রহমান ওরফে মিজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার কারাগার থেকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত গত ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডিবি পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। মিজান ওয়াটার রিসোর্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের ছাত্র। পরে ১১ অক্টোবর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া প্রয়োজনে মিজানের রিমান্ড আবেদন করা হবে বলে আদালতকে জানান তদন্তকারী কর্মকর্তা। ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচ ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
