এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা শোবিজ অঙ্গনে নেই দীর্ঘদিন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করে প্রবাসেই অবস্থান করছেন তিনি।
এদিকে প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হলেন রোমানা। মঙ্গলবার নিউইয়র্ক সময় রাত ১১টা ৫০ মিনিটে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রোমানা। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান।
রোমানার স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান জানিয়েছেন, মা ও মেয়ে সুস্থ আছে। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
রোমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রোমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।
প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে দেখা যায়নি। এ যাবৎ ২৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই মডেল ও অভিনেত্রী।
