অভিনেতা ও পরিচালক হুমায়ূন সাধু মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। মাস খানেক ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দেশ রূপান্তরকে রাত দুইটার দিকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাধু ২৯ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কিছুদিন চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার পর সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। ওই সময় পরিবার সাধুকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক প্রস্তুতিও নিয়েছিলেন পরিবারের লোকজন।
কিন্তু রবিবার রাতে দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মাতা। এরপর দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করে সাধুর শোবিজে পথচলা শুরু হয়। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। নিজেও পরিচালনা করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন সম্প্রতি।
