সমাধিস্তম্ভ থেকে কবরে স্প্যানিশ স্বৈরশাসক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০২:৪১ এএম

স্পেনের সাবেক স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মরদেহ এত দিন ছিল ‘ভ্যালি অব দ্য ফলেন’ সমাধিস্তম্ভে। তবে প্রায় চার দশক পরে গতকাল বৃহস্পতিবার তার মরদেহটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের এল পার্দো স্টেট সিমেট্রির একটি কবরে জায়গা হয়েছে সাবেক এই স্বৈরশাসকের।

বিবিসির খবরে বলা হয়েছে, এর মধ্য দিয়ে দেশটির সোশ্যালিস্ট সরকারের দেওয়া উল্লেখযোগ্য একটি প্রতিশ্রæতি পূরণ হয়েছে।

দেশটির সোশ্যালিস্ট সরকারের প্রধান পেদ্রো সানচেজের ভাষ্য, প্রায় চার দশক শাসন করা এক ফ্যাসিস্টের গুণকীর্তন করা স্পেনের আর উচিত হবে বলেই এই স্থানান্তর প্রক্রিয়া। ফ্রাঙ্কোর পরিবার এই স্থানান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েও সুবিধা করতে পারেনি।

ভ্যালি অব দ্য ফলেন সমাধিস্থলের অবস্থান মাদ্রিদ থেকে ৫০ কিলোমিটার দূরে। সেখানে ফ্রাঙ্কোর স্ত্রীও সমাহিত আছেন। ফ্রাঙ্কোর মৃতদেহ উত্তোলনের সময় সেখানে বিচারমন্ত্রী, একজন ফরেনসিক বিশেষজ্ঞ, একজন ধর্মযাজক ও ফ্রাঙ্কোর ২২

বংশধর উপস্থিত ছিলেন।

১৯৩৬ থেকে ১৯৩৯ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধে মৃত ৩০ হাজার মানুষকে ভ্যালি অব দ্য ফলেনে সমাহিত করা হয়েছে। ওই গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী বাহিনী প্রজাতন্ত্রী সরকারকে পরাজিত করে। টানা ৩৬ বছর ক্ষমতায় থাকার পর ১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যু হলে স্পেনে গণতন্ত্রের দুয়ার খোলে। 

সাবেক স্বৈরশাসকের মৃতদেহ উত্তোলন ও পুনরায় সমাহিত করার এ প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক চলছে। স্প্যানিশ দৈনিক এল মুন্ডোর এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ মানুষ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করলেও ৩২ দশমিক ৫ শতাংশ এর বিরোধী। ফ্রাঙ্কোর আমলে নিহত অনেকের পরিবার ও তাদের বংশধররা সরকারের এ পদক্ষেপে সন্তোষ জানিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত