চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ, এফডিসিতে কড়া নিরাপত্তা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০১:১৫ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে এফডিসিতে। ২৫ অক্টোবর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝে মধ্যাহ্ণ বিরতি ও নামাজের সময় বাদ দিয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এফডিসিতে সরেজমিন গিয়ে দেখা যায়, এফডিসির গেট থেকে পুরো এলাকা র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তায়। ভোটার ও বিশেষ প্রবেশপত্রের মাধ্যমে সাংবাদিকরা ব্যতিত কেউই প্রবেশ করতে পারছেন না। এমনকি যে সকল শিল্পী ভোটার নন তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

জানা যায়, সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘গতবারের মতো যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বুথের ভেতর কোনো প্রার্থী থাকতে পারবে না। তবে সিসি ক্যামেরা থাকবে। ভোটগণনার সময় প্রার্থীরা বাইরে বসে তা দেখতে পারবেন।’

এদিকে বৃষ্টির কারণে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। ধীরে ধীরে ভোটারদের ভিড় বাড়ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯। এবারের নির্বাচনে প্যানেল মাত্র একটি- জায়েদ মিশা প্যানেল। বাকিরা স্বতন্ত্র লড়াই করছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্যের ১১ পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

এদিকে কোনো প্রতিযোগী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত, দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত