বার্সার হয়ে জেতা ট্রফির বিনিময়ে বিশ্বকাপ চান না মেসি

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১২:৪২ পিএম

বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে প্রায় সবকিছুই জিতেছেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলে কোনো অর্জন নেই তার। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছে তাকে।

ক্লাবের হয়ে জেতা সব ট্রফির বিনিময়ে হলেও কী দেশকে বিশ্বকাপ জেতানোর ইচ্ছা আছে মেসির? এমন প্রশ্নে গ্রহের অন্যতম সেরা ফুটবলার জানিয়েছেন, না। দেশকে বিশ্বকাপে এনে দিতে চান ঠিকই। কিন্তু তা বার্সেলোনার হয়ে জেতা ট্রফিগুলোর বিনিময়ে নয়।

বার্সেলোনার হয়ে যতটা সফল, আর্জেন্টিনার হয়ে ঠিক ততটাই ব্যর্থ লিওনেল মেসি। আলোকিত ক্যারিয়ারে স্পেনের ক্লাবটির হয়ে দশবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ ৩৪টি শিরোপা জিতেছেন তিনি! কিন্তু আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত কিছুই জিততে পারেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার।

তিনবার কোপা আমেরিকার ফাইনালে গিয়েও হতাশ হতে হয়েছে মেসিকে। ২০১৪ সালের বিশ্বকাপে ফাইনালে গিয়ে জার্মানির কাছে হারতে হয় তাদের।

ক্লাবের হয়ে জেতা শিরোপাগুলোর বিনিময়ে হলেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চান কি-না, এমন এক প্রশ্নের জবাবে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, “আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাইতাম। কিন্তু তা হতে আমি নিজের ক্যারিয়ারের কোনো কিছুই পাল্টাতে চাই না।”

“আমি যা পেয়েছি এসব সৃষ্টিকর্তাই আমাকে দিয়েছেন। যেসব কিছু পাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে আমি তা কল্পনাও করতে পারতাম না। এসব ছিল কল্পনারও বাইরে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত