বিজিএমইএ ভবন সরাতে সময় চাইলেন রুবানা হক

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৫:২১ পিএম

বিজিএমইএ ভবন ভেঙে ফেলার বিষয়ে আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে মালামাল সরানোর জন্য ৫-৬ দিন সময় চেয়ে তা কার্যকর করার আশ্বাস দিলেন তৈরি পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠনটির সভাপতি রুবানা হক।

‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার সকালে সাভারে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে অতিথি হিসেবে র‌্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিজিএমইএ’র সভাপতি এ কথা জানান। পরে শিল্প পুলিশ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশ শিল্পাঞ্চলের বাইরে গিয়েও সৃজনশীল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়াটা অত্যন্ত ভালো ইঙ্গিত। এভাবে লোকালয়ের প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে পুলিশকে সম্পৃক্ত করতে পারলে সকলের উপকার হবে বলে মন্তব্য করেন তিনি।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং শিল্প পুলিশের আইজিপি আব্দুস সালাম ছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা।

এছাড়া ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত