উন্নত প্রশিক্ষণের জন্য শনিবার ভারতের উদ্দেশ্য দেশ ছেড়েছে কাবাডি দল।
আগামী ৯ থেকে ১৫ নভেম্বর ইরানে জুনিয়র কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই আসরে অংশ নেবে বাংলাদেশ। এ ছাড়া ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে ১৩ তম সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেখানে খেলবে পুরুষ ও নারী উভয় জাতীয় দল।
এই দুই আসরে সম্মানজনক ফলাফল অর্জন করার উদ্দেশ্য জাতীয় কাবাডি প্রশিক্ষক সুবিমল চন্দ্র দাসের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট দুইটি দল ভারতের হরিয়ানার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
উভয় দলের খেলোয়াড়দের বিদায় জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এশিয়ান কাবাডি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং সহসভাপতি আমির হোসেন পাটোয়ারিসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। আগে থেকেই ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় পুরুষ কাবাডি দল ভারতে প্রশিক্ষণ নিচ্ছে।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, ১৩তম এসএ গেমস ও ১ম জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে সম্মানজনক ফলাফল অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণের নিয়ম-কানুন মেনে নিবিড়ভাবে প্রশিক্ষণ নিয়ে গেমসে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করি। পরে তিনি প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
