বল হাতে বাজিমাত করলেন পেসার জাহানারা আলম। তার ৪ উইকেট শিকারে লক্ষ্যটা থাকল নাগালেই। পরে ফিফটি এল রুমানা আহমেদের ব্যাট থেকে। কিন্তু অন্যরা ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের মেয়েদের।
শনিবার পাকিস্তান সফরে প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক মেয়েরা। ৭ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি দলটি। জবাবে রুমানার ফিফটির পরও বাংলাদেশ থামে ৭ উইকেটে ১১২ রানে।
১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সানজিদা ইসলাম (১৪) ও নিগার সুলতানা (১৭) কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এই দুজনের বিদায়ের পর এক প্রান্ত আগলে রাখেন রুমানা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান।
কিন্তু সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে রুমানার উইকেট তুলে নেন আলিয়া রিয়াজ। রুমানা ৩০ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৫০।
পাকিস্তান ইনিংসে মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নেন জাহানারা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন। পরের ওভারে ফিরেও নেন আরেকটি। ১৯তম ওভারে নেন জোড়া উইকেট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। ৩৩ রান আসে উমাইমা সোহাইলের ব্যাট থেকে।
সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবে দুই দল।
