এনামুলের সেঞ্চুরি রিশাদের ৫ উইকেট

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০২:৩৬ এএম

ধর্মঘট-আন্দোলনের পর মাঠে ফিরল ক্রিকেট। জাতীয় লিগের তৃতীয় রাউন্ড দিয়ে ঘরোয়া ক্রিকেটের স্বাভাবিক পথচলা শুরু হয়েছে। গত ২৪ অক্টোবরেই শুরু হওয়ার কথা ছিল এই রাউন্ডের। কিন্তু বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্রিকেটারদের আন্দোলনের কারণে তা পিছিয়ে শুরু হলো গতকাল।

তবে বৃষ্টি বাগড়া দিয়েছে দুটি ম্যাচে। রংপুরে ভেস্তে গেছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের প্রথম দিনের খেলা। আর রাজশাহীতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের খেলার প্রথম দিন হয়নি।

কক্সবাজারের দুটি ভেন্যুতে খেলা হয়েছে সারা দিন। ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয়। তাতে খুলনার রান প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৯০। কক্সবাজারেরই আরেক মাঠে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন রংপুরের রিশাদ হোসেন। এতে রাজশাহীকে মাত্র ২০১ রানে বেঁধে ফেলেছে রংপুর। কিন্তু দিন শেষ তারাও স্বস্তিতে নেই। ৩২ রানে হারিয়েছে ২ উইকেট।

ক্যারিয়ারের ১৯তম ফার্স্টক্লাস সেঞ্চুরি করে ২০৫ বলে ১১২ রানে থাকা অবস্থায় আহত হয়ে অবসর নেন এনামুল বিজয়। এছাড়া খুলনার অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান ১২৪ বলে ৫৫ করেন। মোহাম্মদ মিঠুন ৪৮ বলে করেন ৪৫। ৪৩ বলে ৩০ করে অপরাজিত রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন সুমন খান ও তাইবুর রহমান।

বাংলাদেশ এ দলের হয়ে সম্প্রতি শ্রীলঙ্কা সফর করে আসা রিশাদ তুলেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ইনিংসে ৫ উইকেট। ৫০ রানে ৫ উইকেট নেন এই তরুণ। সঙ্গে সোহরাওয়ার্দী শুভ ও সাজেদুল ইসলামের ২টি করে উইকেটে ২০১ রানে গুটিয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৬০ করেন ফরহাদ হোসেন ও দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ করেন নাজমুল হোসেন শান্ত। নিজেরা প্রথম ইনিংসে নেমে বিপদে রংপুর। দিনের শেষভাগে মাত্র ১৬ রান করেই হারিয়েছে ২ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত