ভারতের বিপক্ষে সিরিজ দুয়ারে। ৩ নভেম্বর দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে দুটি টেস্টও। এই সফরে টাইগাররা কেমন করবে সে নিয়ে আসলে শঙ্কার মেঘ ক্রিকেট ভক্তদের মনে।
তবে টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর কিন্তু আশাবাদী সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানদের নিয়ে। এমনকি সদ্য ভারত সফর করে যাওয়া দক্ষিণ আফ্রিকার চেয়ে বর্তমান বাংলাদেশ দলকে ভালো বলে উল্লেখ করেছেন তিনি।
ভারত সফরে টাইগারদের নিয়ে শঙ্কার সবচেয়ে বড় কারণ সফরের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের আন্দোলন। সেই ধাক্কা কাটিয়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসার মুহূর্তে এসেছে নতুন ইস্যু। বিসিবির অনুমতি না নিয়ে একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে পড়েছে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
এ অবস্থায় হোয়াটমোরের কথা বাংলাদেশের দর্শকদের সাহস জোগাতে বাধ্য। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি লড়াই খুবই প্রতিদ্বন্দ্বিতার হবে এবং প্রোটিয়াদের থেকে এই মুহূর্তে বাংলাদেশই এগিয়ে।’
ভারত সফরে প্রোটিয়ারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ ড্র করে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা।
হোয়াটমোর অবশ্য বাংলাদেশ-ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটা নিয়ে শুধু বলেছেন। ৬৫ বছর বয়সী হোয়াটমোর এখন কেরালা ক্রিকেটের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের দায়িত্ব ছাড়েন ২০০৭ বিশ্বকাপের পর। তবে টাইগারদের খেলার খোঁজ রাখেন ঠিকই।
সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘ওদের খেলোয়াড়েরা অনেক টি-টোয়েন্টি লিগ খেলেছে। এটা তাদের কাজে লাগবে। তা ছাড়া ওরা সব সময়ই ভয়ংকর দল। নির্দিষ্ট দিনে সব হিসাব–নিকাশ উল্টে দিতে পারে। তাই বিরক্তিকর কোনো মুহূর্তের শঙ্কা নেই।’
বিশ্বকাপে দারুণ পারফর্ম করা সাকিব ভারতের বিপক্ষে আলো কাড়বেন বলে মনে করেন হোয়াটমোর। তার মতে, ‘সে পরিপূর্ণ একজন অলরাউন্ডার। বিশ্বকাপে সে দারুণ ছন্দে ছিল। আমি নিশ্চিত ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে সে তেমনভাবেই (বিশ্বকাপের মতো) নিজের সেরাটা দেবে।’
এই লঙ্কান কথা বলেছেন পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েও। ভারতের উইকেটে ফিজ সুবিধা পাবে উল্লেখ করে বাংলাদেশের সাবেক গুরু বলেন, ‘সে বিশ্বমানের বোলার। দ্রুত বল করতে উইকেট থেকে সহায়তা পাবে সে। বাংলাদেশের সাফল্যের জন্য সে অন্যতম মাধ্যম হবে। ভারতের কিছু ব্যাটসম্যান বা-হাতি পেসারদের বিপক্ষে ভুগে। যদি মোস্তাফিজ সঠিক লাইন লেন্থে ও অবিচল থেকে বল করতে পারে, সে অবশ্যই উইকেট পাবে।’
