বার্থডে বয়ের সেঞ্চুরি

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:০৭ পিএম

গতকাল ছিল ডেভিড ওয়ার্নারের ৩৩তম জন্মদিন। এছাড়া নিজ দেশে ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলার উপলক্ষও ছিল। দুটো বিষয়ই উদযাপন করেছেন এই বাঁ-হাতি টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি দিয়ে। অ্যাডিলেইডে ৫৬ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রানের বিশাল জয় এনে দিয়েছে অজিদের। নিজেকে নিজে জন্মদিনের উপহার দিয়েছেন এক কথায়। টি-টোয়েন্টিতে এটি অজিদের রানের দিক থেকে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড। ওদিকে এই হার শ্রীলঙ্কার জন্য রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানের। আগে ব্যাট করে ২ উইকেটে ২৩৩ রান করা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে মাত্র ৯৯ রান করেছে অতিথিরা।

দুদিন আগে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো একটি প্রতিবেদন করেছে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে নিয়ে। ১৮ মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন তারা। প্রতিবেদনটি ছিল এ দুজনের ‘হোম কামিং’ বিষয়ে। এই বিষয়টি যে শতভাগ সাফল্যের সঙ্গে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অ্যাশেজে ব্যর্থতার গøানি ঝেরে ফেলেছেন ওয়ার্নি দুর্দান্ত এই সেঞ্চুরি দিয়ে। এমন ম্যাচে ব্যাট হাতে নামতেই হয়নি স্টিভেন স্মিথকে। ওয়ার্নারের মতো স্মিথও ঠিক ১৮ মাস পর দেশে আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন। সঙ্গে তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরার রোমাঞ্চও ছিল এই ব্যাটসম্যানের। ক্রিজে গিয়ে তা উপভোগ করতে পারেননি বটে, তবে জয় তো পেয়েছেন।

তার সঙ্গে খুনে ব্যাটিংয়ে যোগ দেন ৩৬ বলে ৬৪ রান করা অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ২৮ বলে ৬২ রান করা গেøন ম্যাক্সওয়েল। সবার মিলিত চেষ্টায় এই ফরম্যাটে নিজেদের চতুর্থ সর্বোচ্চ ইনিংস দাঁড় করান। আর ঝড়টা গেছে লঙ্কান পেসার কাশুন রাজিথার ওপর দিয়ে। ৪ ওভারে ৭৫ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খরুচে বোলিং ফিগারের মালিক হয়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাকার্থির, ৪ ওভারে ৬৯।

বিশাল এক লক্ষ্য তাড়া করতে নেমে কখনই কক্ষপথে ছিল না লঙ্কানরা। এক জনের ব্যাট থেকেও আসেনি ২০ এর ঘরের রান। অ্যাডাম জাম্পা নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট। স্টার্ক ও কামিন্সের শিকার দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া : ২৩৩/২ (ওয়ার্নার ১০০*, ফিঞ্চ ৬৪, ম্যাক্সওয়েল ৬২; শানাকা ১/১০)। শ্রীলঙ্কা : ৯৯/৯ (শানাকা ১৭, পেরেরা ১৬, মালিঙ্গা ১৩*,; জাম্পা ৩/১৪, স্টার্ক ২/১৮, কামিন্স ২/২৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত