খুলনাকে ভালো জবাব দিচ্ছে ঢাকা, রংপুরের লিড

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:৩৭ পিএম

জাতীয় ক্রিকেট লিগে বৃষ্টির বাগড়ায় রবিবারও মাঠে গড়ায়নি দ্বিতীয় স্তরের কোনো ম্যাচ। তবে প্রথম স্তরের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে রাজশাহী বিভাগের বিপক্ষে লিড নিয়েছে রংপুর বিভাগ। পাশাপাশি ভেন্যুতে আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ভালো জবাব দিচ্ছে ঢাকা বিভাগ। নিজ নিজ ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন মেহেদী মারুফ, নাঈম ইসলাম, নাসির হোসেন, রনি তালুকদার ও জয়রাজ শেখ।

ম্যাচ: রাজশাহী বিভাগ-রংপুর বিভাগ

ভেন্যু: শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠ, কক্সবাজার

আগের দিন রাজশাহীকে ২০১ রানে গুটিয়ে দিয়েছিল রংপুর। তবে দিন শেষে ৩২ রান তুলতে হারিয়ে ফেলে ২ উইকেট। এদিন অবশ্য মেহেদী মারুফ, নাঈম ইসলাম ও নাসির হোসেনের ফিফটিকে লিড নিয়েছে দলটি। ৬ উইকেটে ২৬৩ রান তুলে দিন শেষ করেছে তারা। এখন পর্যন্ত ৬২ রানে এগিয়ে রংপুর।

রিশাদ হোসেন জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় একাদশে সুযোগ পান নাসির হোসেন। এই ম্যাচে স্কোয়াডেই ছিলেন না তিনি। সুযোগ পেয়েই তুলে নেন ফিফটি। ৫৫ রান অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এরপর আগে মেহেদী মারুফ ৭৮ ও নাঈম ইসলাম ৫৪ রান করেন। আরিফুলের ব্যাট থেকে আসে ৪৭ রান।

ম্যাচ: খুলনা বিভাগ-ঢাকা বিভাগ

ভেন্যু: শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার

আগের দিনের ৬ উইকেটে ২৯০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল খুলনা বিভাগ। শেষ পর্যন্ত দলটির প্রথম ইনিংস থেমেছে ৩৭১ রানে। বিপরীতে ২ উইকেটে ২০৬ রান তুলে দিন শেষ করেছে ঢাকা বিভাগ। দলটির হয়ে রনি তালুকদার ৭৩ রান করেন। জয়রাজের ব্যাট থেকে আসে ৫১ রান। সাইফ হাসান ৪১ ও রকিবুল হাসান ৩৮ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় স্তরের ম্যাচ

রাজশাহীতে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি শুরু হয়নি বাজে আউটফিল্ডের কারণে। শনিবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল প্রথম দিনের খেলা। দুই দিন পার হলেও এই ম্যাচে এখনো টস হয়নি। একই চিত্র বগুড়ায় বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচে। আউট ফিল্ড ভেজা থাকায় টস হয়নি এ ম্যাচেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত