প্রস্তুতি ম্যাচ চলছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সেখানেই ঘটে অপ্রীতিকর ঘটনা। মুশফিকুর রহিম মাত্র ৪ রানে আউট হয়ে ফিরছিলেন। তখন গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের ভেতর থেকে একজন মুশফিককে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। তা শুনে দর্শকের দিকে তেড়ে যান মুশফিক। রেগে কিছু কথাও বলেন।
জানা গেছে, ওই দর্শকের নাম ইমরান হোসেন। বাড়ি জামালপুরে। তিনি নিজেকে খেলাপাগল দর্শক হিসেবে উপস্থাপন করেছেন সাংবাদমাধ্যমের সামনে। বিসিবির মাঠকর্মী এবং নিরাপত্তারক্ষীরা তাকে ধরে বের করে দেয়। পাশের দর্শকরা ঘটনা সম্পর্কে জানিয়েছেন, তারা তেমন আপত্তির কিছু শুনতে পাননি। তবে এই অপ্রীতিকর ঘটনা থেকে বিসিবির নিরাপত্তা গাফিলতি আরও একবার স্পষ্ট হয়েছে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসানকে ফুল দিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন এক দর্শক। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়। জেলও খাটেন। গতকালের ঘটনায় আবার প্রমাণ হলো নিরাপত্তার ব্যাপারে এখনো সচেতন নয় বিসিবি। অন্য দিকে মুশফিকও কেন দর্শকের দিকে তেড়ে গেলেন তা নিয়েও উঠছে প্রশ্ন।
×
