‘ভুল চিকিৎসায়’ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাজেরা আক্তারের (২৪) মৃত্যু হয়েছে দাবি করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন তার সহকর্মীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন।
হাসপাতালের লেবার ইনচার্জ নিলুফা ইয়াসমীন, ওটি ইনচার্জ জুলেখা ও নার্স তিন্নি জানান, গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাজেরার সিজার করেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. অমিত কুমার বসু। সিজারে ছেলেসন্তানের জন্ম হলেও ব্লিডিং এবং ইউরিন পাস না হওয়ায় ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে অমিত কুমার দ্বিতীয়বার অপারেশন করেন। এরপরও ব্লিডিং বন্ধ না হওয়ায় রাত দেড়টায় হাজেরাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে গতকাল সকাল ৭টায় তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে বিক্ষুব্ধ নার্সরা সকাল থেকে জড়ো হয়ে চিকিৎসক অমিতকে অভিযুক্ত করে তার অপসারণ এবং নবজাতকের ভরণ-পোষণের দাবিতে বিক্ষোভ করেন। দুপুর ২টার দিকে সমঝোতা হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেন তারা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকির উল ইসলাম জানান, নবজাতকের ভরণ-পোষণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
