এই প্রথম হিন্দি সিনেমা করলাম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:২৫ এএম

জনপ্রিয় চিত্রনায়ক আমান রেজা। এ বছর বেশি ব্যস্ত টেলিভিশন বিজ্ঞাপনচিত্র নিয়ে। কাজ করছেন দেশি ও বিদেশি সিনেমায়। ব্যস্ততা রয়েছে আইন পেশা নিয়েও। সমসাময়িক  বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : বিশ্বরঙ

প্রথম হিন্দি সিনেমায়...

এতদিন ঢাকা ও কলকাতার বাংলা সিনেমা করেছি। কিন্তু এই প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করলাম। সিনেমাটির নাম ‘জোকার’। তবে এটিকে আমি পূর্ণাঙ্গ বলিউড সিনেমা বলতে চাই না। কারণ সিনেমাটির পরিচালক জয় ভট্টাচার্য বলেছেন এটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি দেবেন। এখন তা কি শুধু কলকাতায় মুক্তি পাবে, নাকি ভারতজুড়ে তা নির্মাতাই ভালো বলতে পারেন। এ সিনেমাটি একটি ভৌতিক গল্প নিয়ে আবর্তিত। আমার বিপরীতে আছেন নতুন মুখ কোহিমা বসু।

ইংরেজি সিনেমায়...

সম্প্রতি দুই মাস লন্ডনে ছিলাম। সেখানে বাঙালি পরিচালক জি এম ফুরুকের ইংরেজি সিনেমা ‘দ্য ট্রেইল অব ডার্কনেস’ নামের একটি সিনেমা করেছি। আমার বিপরীতে আছেন স্থানীয় অভিনেত্রী সালমা সুলতানা। এটি একটি থ্রিলার সিনেমা। আমি প্রধান চরিত্রে কাজ করেছি। অভিজ্ঞতা বেশ ভালো। এই সিনেমাটি বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের।

এ বছরে ১০ বিজ্ঞাপন...

এ বছর সিনেমার চেয়ে ব্যস্ততা ছিল টিভিসিতে। এরইমধ্যে ১০টি বিজ্ঞাপন করেছি। ইগলু আইসক্রিমেরই ৫টি টিভিসি। এছাড়া রয়েছে ভারতের সনৌক মিত্রের পরিচালনায় ‘ক্লিন মাস্টার ক্লিনার’, হাসান মোর্শেদের পরিচালনায় ‘জাফলং টি, বিপুলের পরিচালনায় ‘মার্কস ইয়ং স্টার মিল্ক’-এর বিজ্ঞাপন। সনৌক মিত্রের পরিচালনায় নুসরাত ফারিয়ার সঙ্গে ফার্স্ট ওয়াশের টিভিসিটিও করার কথা ছিল। কিন্তু লন্ডনে সিনেমার কাজে ব্যস্ত থাকায় করা হয়নি কাজটি। আসলে বিজ্ঞাপনে কাজ করতে খুব ভালো লাগে। তাছাড়া এখন সিনেমার চেয়ে বিজ্ঞাপনের দর্শকই বেশি। দর্শক সাড়া বেশি পাই টিভিসি থেকেই।

দুই সিনেমায় অতিথি...

পূর্ণাঙ্গ দেশীয় সিনেমা বলতে একটি সিনেমা আমার হাতে রয়েছে। এর নাম ‘তুই আমার জান’। কিন্তু এর শ্যুটিং শুরু হতে কেন যেন দেরি হচ্ছে। এর মাঝে ‘মিশন এক্সট্রিম’ ও ‘গন্ডি’ সিনেমা দুটির অতিথি চরিত্রে কাজ করেছি।

আইন পেশায়...

আমি আইন বিষয়ে পড়াশুনা করেছি। সেই জ্ঞানকে বৃথা যেতে দিতে চাই না। তবে আমার মূল পেশা অভিনয়। অভিনয়ের ফাঁকে সময় পেলেই আইন পেশায় সময় দিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত