ডব্লিউইএফের প্রতিবেদন

দূষণ কমলে বাংলাদেশিদের গড় আয়ু বাড়বে ১.৩ বছর

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০১:৪০ এএম

জ্বালানির উচ্চমূল্য, প্রশাসনের ব্যর্থতা, বেকারত্ব, আর্থিক প্রতিষ্ঠানের ব্যর্থতা ও অপরিকল্পিত নগরায়ণকে বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। সংস্থাটির সদ্য প্রকাশিত ‘রিজিওনাল রিস্ক ফর ডুয়িং বিজনেস ২০১৯’ প্রকাশ করে এ তথ্য জানিয়েছে তারা। বিপুল জনসংখ্যা দক্ষিণ এশিয়ার জন্য বড় সমস্যা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের চার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ চার দেশ। ২০টি দূষিত শহরের মধ্যে ভারতের ১৫টি ও ঢাকা অষ্টম অবস্থানে রয়েছে। মাত্রাতিরিক্ত দূষণ বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্য খাত ও অর্থনীতিতে ঝুঁকি সৃষ্টি করছে। দূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণে প্রতি বছর বাংলাদেশ প্রায় সাড়ে ৬ বিলিয়ন ডলার ও ভারত ৫ বিলিয়ন ডলার লোকসান করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী দূষণ কমাতে পারলে বাংলাদেশিদের গড় আয়ু বাড়বে ১ দশমিক ৩ বছর, ভারতীয়দের বাড়বে ১ বছর করে।

অপরিকল্পিত নগরায়ণ বাংলাদেশের জন্য বড় সমস্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ ঢাকা ও দিল্লিতে জনসংখ্যা বাড়বে এক কোটি করে। এই বিপুল জনগোষ্ঠীর জন্য উপযুক্ত অবকাঠামো শহর দুটিতে নেই। বিশ্বব্যাংকের মতে, বিভিন্ন শহরে ন্যূনতম অবকাঠামোর জোগান নিশ্চিত করতেই বাংলাদেশকে ভুগতে হচ্ছে। উচ্চ জ্বালানি মূল্য বাংলাদেশ ও পাকিস্তানের জন্য বড় ঝুঁকি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনীতির বিকাশের কারণে জ্বালানির চাহিদা বাড়ছে, যদিও বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো ক্রুড অয়েল আমদানির ওপর নির্ভরশীল। তাছাড়া এ খাতে দেশগুলো বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত