বিশ্বকাপের টিকিট কাটল পাপুয়া নিউ গিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ওশেনিয়া অঞ্চলের দেশটি। বাছাই পর্বে ‘এ’ গ্রুপের সেরা হয়ে এই যোগ্যতা অর্জন করেছে দলটি। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ডের।
রবিবার দুবাইয়ে কেনিয়াকে ৪৫ রানে হারায় পাপুয়া নিউ গিনি। তবে এই জয়ের পরও উৎসবের জন্য অপেক্ষা করতে হয়েছে দলটিকে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তাদের।
ম্যাচটিতে নেদারল্যান্ডস হারায় স্কটল্যান্ডকে। তবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে ১২.৩ ওভারে ১৩১ রানের লক্ষ্য পূরণ করতে হতো ডাচদের। সেটি করতে ব্যর্থ হওয়ায় পাপুয়া নিউ গিনি সুযোগ পেয়ে যায় বিশ্বকাপে।
অথচ টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল পাপুয়া নিউ গিনি। সেখান থেকে নরমান ভানুয়ার ৫৪ রানে ভর করে ১১৮ রান করতে সক্ষম হয় দলটি। তিন বল বাকি থাকতেই অবশ্য গুটিয়ে গিয়েছিল তারা। লক্ষ্য তাড়া করতে নেমে কেনিয়া ১৮.৪ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায়।
