দাম্পত্য কলহের জেরে নিজের ১৯ দিন বয়সী ছেলেকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। গতকাল রবিবার সকালে গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল মাহাদী। অভিযুক্ত বিজয় হাসানকে (২৬) পুলিশে দিয়েছেন স্বজনরা।
বিজয় হাসানের শ্বশুর মোফাজ্জল হোসেন বলেন, রবিবার সকাল ৬টার দিকে মাহাদীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে তাকে চুবানো অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত বাবা বিজয় হাসান শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।
মোফাজ্জল হোসেন জানান, বিজয় হাসান গত শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে আসে। তার অভিযোগ, বিজয় একই সঙ্গে মাদকাসক্ত ও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ লেগে থাকত।
তিনি আরও জানান, মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় হাসান শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল।
ঘটনার পর বিজয় হাসানকে তার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তারুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
