‘বাংলাদেশি’ সন্দেহে বেঙ্গালুরুতে আটক ৬০

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০২:৫৬ এএম

‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে অন্তত ৬০ জনকে আটক করেছে পুলিশ; তাদের মধ্যে ২৯ জন পুরুষ, ২২ জন নারী ও বাকি ৯ জন শিশু। পুলিশ জানিয়েছে, গত শনিবার বেঙ্গালুরুর মারাঠাহাল্লি, বেলান্ডার ও রামমূর্তি নগর এই তিনটি এলাকার বস্তিতে দিনভর চালানো অভিযানে আটক ব্যক্তিদের বৈধভাবে থাকা বা কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।

দক্ষিণ ভারতীয় রাজ্যটির বিজেপি সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, অবৈধ বিদেশিদের শনাক্ত করতে তারাও আসামের ধাঁচে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি তৈরি করতে চায়। এমনকি অবৈধ বিদেশিদের আটকে রাখার জন্য একটি ‘ফরেনার্স ডিটেনশন সেন্টার’ বা বন্দিশিবির তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজা বোম্মাই চলতি সপ্তাহেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বিদেশি নাগরিকরা সেখানে বেআইনিভাবে থাকছেন তাদের ডেটাবেজ তৈরির কাজ শুরু হয়ে গেছে।

এই ঘোষণার চার দিনের মাথায় শনিবার ব্যাঙ্গালুরুতে চালানো অভিযানে ৬০ জনকে আটক করেছে পুলিশ। তারা বলছে, আটক ব্যক্তিদের কাছে ভোটার আইডি বা আধার কার্ডের মতো যে সব পরিচয়পত্র পাওয়া গেছে সেগুলো জাল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য ফেডারেল’ আটক কয়েকজন নারীর সঙ্গে পুলিশ হেফাজতে কথা বলার সুযোগ পেয়েছে। শামীমা (আসল নাম নয়) নামের একজন তাদের বলেন, ‘আমরা এখানে মার্ডার করতেও আসিনি, চুরি করতেও আসিনি চুরি করলে তো দেশেই করতে পারতাম। আমরা এখানে কাজ করে খেতেই এসেছি, এখন আপনারা যা-পারেন করে নিন!’

ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও জানিয়েছেন, আটক ৬০ জনকে এখন বাংলাদেশে প্রত্যর্পণ করার লক্ষ্যে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত