রাজধানীর গুলশানে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকেলে গুলশান-২-এর ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। পরে আজিজ মোহাম্মদের সহোদর প্রয়াত রাজা ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে দুই বাড়ির কেয়ারটেকার নবীন ও পারভেজকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খুরশিদ আলম দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজিজ মোহাম্মদ ও রাজা ভাইয়ের বাসার বেশ কয়েকটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ মদ, সিসা, সিসার উপকরণ ও ক্যাসিনোর উপকরণ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রথমেই অভিযান চালানো হয় আজিজ মোহাম্মদের বাসায়। তারপর রাজার বাসায়। ওই বাসায় রাজার দুই ছেলে জুম্মন ও ওমর থাকেন।
খুরশিদ আলম বলেন, আমাদের কাছে তথ্য ছিল গুলশান-২-এর ৫৭ নম্বর রোডে আজিজ মোহাম্মদের বাসায় অবৈধ মাদক বিক্রি ও সেবন করা হয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানে এসে বাড়ির ছাদে একটি মিনি বারের সন্ধান পাই। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
এ ছাড়াও এই ভবনে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জাম, যেমন– কয়েন, কার্ড, ঘুঁটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসার ছাদে যে ক্যাসিনোটি পাওয়া যায়, এতে ডলারের মাধ্যমে খেলা হতো। সম্প্রতি রাজধানীতে যত ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে, সব জায়গায় দেখা গেছে– খেলা হতো টাকা দিয়ে। কিন্তু এখানে খেলা হতো ডলারের কয়েন দিয়ে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার নাম আলোচনায় এসেছিল। শেয়ার কেলেঙ্কারির এক মামলায় গত বছর আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজারবিষয়ক ট্রাইব্যুনাল। তার আগে থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।
সংশ্লিষ্টরা জানান, আজিজ মোহাম্মদের নামের সঙ্গে ‘ভাই’ শব্দটি তাদের বংশীয় পদবি। তাদের পরিবারের সবার নামের শেষেই এই ভাই যুক্ত করা হয়। তার পিতার নাম মোহাম্মদ ভাই। মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। ১৯৪৭-এ দেশভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। পরিবারটি মূলত পারস্য বংশোদ্ভূত। তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকে সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরবর্তী সময়ে ভাই হয়ে যায়।
