খাগড়াছড়িতে সরকারি গাড়ির ধাক্কায় ২০ মাস বয়সী শিশু, নওগাঁর পত্নীতলায় বাস খাদে পড়ে ১২ বছর বয়সী শিশু, গাজীপুরে ট্রাকচাপায় নারী এবং কিশোরগঞ্জে বাসচাপায় কিশোর নিহত হয়েছে। গতকাল রবিবার ঘটে এসব দুর্ঘটনা। দুর্ঘটনাগুলোয় আহত হয়েছে অন্তত ১০ জন। এ ছাড়া গতকাল রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভারতগামী মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন আহত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর–
খাগড়াছড়ি শহরের টিঅ্যান্ডটি এলাকায় একটি সরকারি গাড়ির ধাক্কায় রোকসানা আকতার রাফি নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে বিচারিক বিভাগের একটি গাড়ি ঘোরানোর সময় রাস্তায় খেলারত শিশুটিকে ধাক্কা দেয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেট ওই এলাকায় ভাড়া থাকেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বেশিরভাগ শিশুই রাস্তার ওপর খেলাধুলা করে। চালকের অসতর্কতার কারণেই শিশু রাফির মৃত্যু হয়েছে। শিশুটির বাবা বাদল মিয়া মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় ভাড়া বাসা নেন। তিনি পেশায় চটপটি বিক্রেতা।
নওগাঁর পত্নীতলা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। উপজেলার দিবড় ইউনিয়নের সাপাহার নজিপুর আঞ্চলিক মহাসড়কের নাকুচা মোড়ে গতকাল বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার (১২) পত্নীতলা উপজেলার বহিরামপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, নওগাঁ থেকে সাপাহারগামী কালিমী পরিবহনের একটি বাস দিবড় ইউনিয়নের নাকুচা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
গাজীপুরে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম তমা আক্তার (২৯)। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার দড়্গিণ বাসুদেবপুর এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তমা আক্তার। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তমা মারা যান।
কিশোরগঞ্জের আদালতে খাবার নিয়ে বাবাকে দেখতে যাওয়ার পথে বাসচাপায় মুন্না (১৩) নামে বাইসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ শহরতলীর বড়পুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুন্না জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের বড়কান্দা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। মা নূরজাহান এবং ভাই-বোনদের সঙ্গে সে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকার ভাড়া বাড়িতে বসবাস করত।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভারতগামী মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছে। গতকাল রাতে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলো– মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরের ফাতেমা খাতুন (৬), ইয়ামিন (৭), বজলুর রহমানের স্ত্রী নাসিমা খাতুন (৪৫), মহিউদ্দীনের ছেলে মিজানুর রহমান (৪৫), শের আলীর ছেলে মঈনুল ইসলাম (৪২), সহোদর আব্দুল হান্নান (৪৯) ও আব্দুল মালেকের ছেলে তরিকুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যায় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরা পাসপোর্টধারী যাত্রীরা মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ সময় জয়নয়ন চেকপোস্ট অতিক্রম করতে গেলে ভারতগামী একটি মালবাহী ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে ৭ জন মাইক্রোবাসের যাত্রী।
পরে বিজিবি সদস্যরা তাদেরকে দ্রুত উদ্ধার করা স্থানীয় ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
