যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফখরুল

কারাবন্দি খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরা নিয়ে শঙ্কা আছে

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৩:২৮ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটাপন্ন। প্রাপ্য জামিন না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় তার সুস্থ ফিরে আসা নিয়ে শঙ্কায় আছেন নেতাকর্মীরা। যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে বিএনপির এই সহযোগী সংগঠনের নেতারা বলছেন, এবার দেশের বিভিন্ন জেলায় পুলিশি বাধা, হামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন ও তিনি বিদেশে চিকিৎসা নিতে চান কি না– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার জীবনের হুমকি দেখা দিয়েছে। সুস্থ অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা দেখা দিয়েছে। জামিন পেলে নিজের পছন্দমতো জায়গায় চিকিৎসা নেবেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যখন কারাগারে যান, তখন সবাই দেখেছেন তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের পায়ে হেঁটে কারাগারে গিয়েছেন। আজকে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না, নিজে খাবার খেতে পারেন না, ঠিকমতো হাঁটতে পারেন না। তিনি যে হাসপাতালে রয়েছেন সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব নয়। আমরা বারবার বলেছি, জামিন তার অধিকার। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তার জামিন আটকে রেখেছে এবং তার জামিন যেন না হয় সেজন্য তারা ব্যবস্থা নিয়েছে।’

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এমন এক সময় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে, যখন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। বর্তমানে যে অবৈধ সরকার জবরদখল করে বসে আছে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, গণতন্ত্রকে হরণ করেছে। যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি থেকে স্পষ্ট বোঝা যায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ তারা বৈধ নয়। সেজন্য এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনই এই সংকট সমাধানের একমাত্র পথ।’

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এদিকে গতকাল দেশের বিভিন্ন জেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি নীরব ও সাধারণ সম্পাদক টুকু। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, জয়পুরহাট, ঝালকাঠি ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশ হামলা করেছে। এ ছাড়া ময়মনসিংহ মহানগর যুবদলের র‌্যালিতে হামলা চালিয়ে সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, যুবদল নেতা হৃদয়, আকাশ ও আলীসহ ৫ জন, গত শনিবার ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানা যুবদল সভাপতি মারুফ কামাল রুবলকে পুলিশ গ্রেপ্তার করেছে।

তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের র‌্যালিতে হামলা চালিয়ে পুলিশ জেলা যুবদল সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল খান, শহিদুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মো. শাহজাহান, তরিকুল ইসলাম তারেক, যুবদল নেতা আনিসুর রহমান, সজীব, আমির হোসেন, সরোয়ার ও নোবেলসহ অসংখ্য নেতাকর্মীর ওপর পুলিশ হামলা চালিয়ে আহত করেছে। গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও আহতদের ওপর পুলিশের হামলার নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত