আড়াইহাজারে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু সাঈদ ওরফে শুইকা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, উপজেলার তিলচন্দ্রী এলাকায় গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। উপজেলার জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে সাঈদ ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যাসহ আটটি মামলা রয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে উপজেলার গির্দা এলাকায় শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী রবিবার রাত ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। একপর্যায়ে তিলচন্দ্রী এলাকার ছানাউল্যার ভিটাবাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা অস্ত্রধারী ডাকাতরা সাঈদকে ছিনিয়ে নিতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ছোরা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধারের কথা জানিয়ে ওসি আরও বলেন, বন্দুকযুদ্ধে এসআই সিরাজ (৪৭), এএসআই সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮) আহত হয়েছেন।
