এটা মেসির ক্যারিয়ার সেরা গোল (ভিডিও)

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১০:০১ এএম

ঝলমলে ক্যারিয়ারে গোলের অভাব নেই লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে করেছেন ছয়শোর বেশি গোল। এর মধ্য থেকে এক দশক আগে করা একটি গোলকে ক্যারিয়ার সেরা বললেন গ্রহের অন্যতম সেরা এই ফুটবলার।

মেসি যে গোলটি তার ক্যারিয়ার সেরা বললেন সেটি করেছিলেন ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। রোমে স্তাদিও অলিম্পিকোতে শিরোপা নির্ধারণী ম্যাচে ২-০ ব্যবধানের জয় পেয়েছিল বার্সেলোনা। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মেসির।

প্রথমার্ধে সামুয়েল ইতোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মেসি নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেছিল বার্সেলোনা। ছোট ডি-বক্সের সামনে লাফিয়ে ওঠে অসাধারণ এক হেডে ম্যানইউ’র গোলকিপার এডউইন ফন দার সারকে পরাস্ত করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি প্রথমবারের মতো ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল বার্সেলোনা।

আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের করা প্রিয় গোল নিয়ে মেসি বলেন, “আমার প্রিয় গোলগুলো কেবল আকর্ষণীয় নয়, এর চেয়ে বেশি কিছু। গোলগুলো গুরুত্বপূর্ণও।”

“এটা (প্রিয় গোল) ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে (২০০৮-০৯)। এটা আমাদের গার্দিওলাকে নিয়ে ট্রেবল জয়ের বৃত্তপূর্ণ করতে সহায়তা করেছিল, যা আমরা কখনই করতে পারিনি। ওই গোলে শেষ হয়েছিল দুর্দান্ত ম্যাচটি।”

চোটের কারণে এবারের মৌসুমের শুরু থেকে খেলতে পারেননি মেসি। লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনার খেলা নয়টি ম্যাচের তিনটিতে শুরুর একাদশে খেলেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে এরই মধ্যে ছন্দ পেয়ে গেছেন। লা লিগায় পর পর দুই ম্যাচে সেভিয়া ও এইবারের বিপক্ষে গোল করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

মেসি গোলের দেখা পেয়েছেন চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষেও। সব ধরনের প্রতিযোগিতায় গত তিন ম্যাচের সবকটিতেই গোলের দেখা পেয়েছেন বার্সেলোনা অধিনায়ক। তবে খেলার সময় শুধু গোল করাতেই নজর থাকে না বলে জানালেন মেসি।

“ব্যাপারটা এমন নয় যে, আমি গোলপোস্টের সামনেই থাকি। পেছন থেকে এসে গোল করা, বল পায়ে রাখা ও খেলায় আরও নান্দনিকতা আনার ব্যাপারগুলোও আমি পছন্দ করি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত