বলিউডের অন্যতম রোমান্টিক সিনেমা শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ২৪ বছর পূর্ণ করে ২৫-এ পা দিল সম্প্রতি। দীপাবলির দিন সেই ছবির সুপারহিট গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গাইলেন রাণু মণ্ডল।
গানটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’ শ্রোতারা উপভোগ করেছিলেন। তারপরেই তারা মুখিয়ে ছিলেন কবে আবার নতুন গান শোনা যাবে গায়িকার কণ্ঠে। দীপাবলিতে ভক্তদের ইচ্ছা পূরণ করলেন রাণু।
ছোটপর্দার রিয়্যালিটি শো ‘কমেডি স্টার্স’-এ রাণুকে গান গাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সেখানেই তিনি কুমার শানু ও লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানটি গেয়ে শোনান।
একসময় পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে গান গেয়ে খাবার জোগাড় করতেন রাণু। তার সেই গানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাগ্যের চাকা ঘুরতে আরম্ভ করে। তখনো তাকে প্রচারের আলোয় আসতে সাহায্য করেছিল লতা মঙ্গেশকরের গান ‘এক পেয়ার কা নাগমা’।
এরপরই রাণুকে বলিউডে ব্রেক দেন হিমেশ। তারা একসঙ্গে কণ্ঠ দেন তেরি মেরি কাহানি, আদত ও আশিরী মে তেরি সামিল শিরোনোমের তিন গানে।
