তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি শুধু রাজনীতি নয়, অপরাজনীতি করছে। গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটি এবং চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তো আমরা রাজনীতি করছি না। খালেদা জিয়ার অসুস্থতা কোনো অতিরিক্ত অসুস্থতা নয়, এ অসুস্থতা বহু বছরের পুরনো প্রায় দু’দশকের। এই সমস্যা নিয়ে তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন। বিএনপির কাছে আমার প্রশ্ন, বেগম জিয়ার স্বাস্থ্য ছাড়া জনগণের কোনো ইস্যু কি তাদের কাছে আর নেই? তাদের কাছে কি জনসম্পৃক্ত কোনো বিষয় নেই?’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দুটি উপকমিটির সভা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে অন্যান্য উপকমিটির মধ্যে দুটি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। একটি হচ্ছে মিডিয়া অ্যান্ড ডকুমেন্টেশন উপকমিটি, আরেকটি চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি। তার জন্মশতবার্ষিকীটি আমরা এমনভাবে পালন করতে চাই, যাতে করে তিনি যে মাপের নেতা ছিলেন, মুজিববর্ষের অনুষ্ঠানমালা যেন সেই পর্যায়ের হয়। যাতে মুজিববর্ষ উদ্বোধনী অনুষ্ঠানসহ পুরো বছর আন্তর্জাতিক গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করে। সেই লক্ষ্যে এবং একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র এবং আর বাইরে অন্য যে ছবিগুলো নির্মাণ করা হবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ দুই উপকমিটির সদস্যরা যোগ দেন।
এদিকে আজ মঙ্গলবার ঢাকায় উদ্বোধন হবে অষ্টম রেডিও এশিয়া কনফারেন্স এবং রেডিও সং ফেস্টিভাল। ‘রেডিও অল অ্যারাউন্ড আস : মোর দ্যান জাস্ট আ মিডিয়াম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ২৯ থেকে ৩১ অক্টোবর তিন দিনের এ আসরের পর্দা উঠবে সকাল ১০টায়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশের টেলিভিশনের সহায়তায় এশীয় প্রশান্ত অঞ্চলের বেতার ও টেলিভিশন সংস্থাগুলোর সম্মিলিত সংগঠন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ৬৩ জন প্রতিনিধি অংশ নেবেন।
এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশে এবিইউ রেডিও এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ তথ্যসচিব আবদুল মালেক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
