সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় অবস্থিত গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাচঁপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান, মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। অজ্ঞাত ওই যুবকের পরনে গোলাপি রঙের ফুলহাতা শার্ট এবং কালো রঙের প্যান্ট ছিল।
কাঁটপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত যুবকের আঙুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।
