কয়েক দিন পর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’। তার আগেই ঘরছাড়া হলেন বিখ্যাত সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির অন্যতম তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।
বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ক্যালিফোর্নিয়ার চলমান দাবানলের কারণে রাজ্যটির সাবেক গভর্নর শোয়ার্জনেগারকে বাড়ি ছাড়তে হয়েছে। এই তালিকায় আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমসসহ অনেকে।
বছর খানেক আগেও আরেকটি দাবানলের কারণে বেশ কয়েকজন হলিউড সেলিব্রিটিকে বাড়ি ফেলে আশ্রয় নিতে হয় অন্যত্র।
এদিকে দাবানলের কারণে স্থগিত হয়েছে ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’-এর প্রিমিয়ার। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, চাইনিজ থিয়েটারের প্রদর্শনীর খাবার যাবে দুর্গতদের কাছে।
১৯৯১ সালে ‘টার্মিনেটর টু: জাজমেন্ট ডে’র পর একে একে সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে ছিলেন না আর্নল্ড শোয়ার্জনেগার। নতুন ছবিতে তার সঙ্গে ফিরেছেন লিন্ডা হ্যামিলটনও।
এর মাধ্যমে জনপ্রিয় চরিত্র ‘টি-৮০০’ এর ভূমিকায় আবার দেখা যাবে শোয়ার্জনেগারকে। ফিটনেসের জন্য আলোচিত এই তারকা জানান, জানান, এই ধরনের চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মাস সময় নিয়ে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। অ্যাকশন নিখুঁত করার জন্য বারবার স্ট্যান্ট দৃশ্যের মহড়া দিয়েছেন। বয়স্ক হলেও বুঝতে পারেন তিনি অচল হয়ে যাননি।
১৯৮৪ সালে থ্রিলারধর্মী ‘দ্য টার্মিনেটর’-এ প্রথম অভিনয় করেন শোয়ার্জনেগার। সিনেমাটি তার ক্যারিয়ারকে অনেকটাই এগিয়ে দিয়েছে। এরপর তিনি অনেক অ্যাকশন সিনেমার প্রস্তাব পান, যা এখনো অব্যাহত রয়েছে। আর দীর্ঘদিন পর ওই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে খুবই আনন্দিত।
‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১ নভেম্বর। পরিচালনা করেছেন টিম মিলার।
